সব সংবাদ
খেলা

বিশ্বকাপ দেখতে উট বিক্রি করলেন জর্ডানি ভক্ত

আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ দেখার জন্য এক জর্ডানি সমর্থক নিজের প্রিয় উট বিক্রি করেছেন। টেক্সাসের ম্যাচে ৮০তম মিনিটে এক দর্শকের হাতে প্ল্যাকার্ড দেখা যায়, যেখানে লেখা ছিল ‘এই টিকিটগুলোর জন্য আমরা আমাদের উট বিক্রি করে দিয়েছি’।

যুক্তরাষ্ট্রের টেক্সাসে আর্জেন্টিনা বনাম জর্ডানের মধ্যকার গ্রুপ পর্বের শেষ ম্যাচে ৭০ হাজারের বেশি দর্শক উপস্থিত ছিলেন। ম্যাচের ৮০তম মিনিটে লিওনেল মেসি দলের তৃতীয় গোল করার কিছুক্ষণ আগে জর্ডানের এক দর্শকের হাতে একটি প্ল্যাকার্ড উঁচু করে দেখা যায়। সেখানে লেখা ছিল, ‘এই টিকিটগুলোর জন্য আমরা আমাদের উট বিক্রি করে দিয়েছি’। প্ল্যাকার্ডের একপাশে জর্ডানের পতাকা এবং অন্যপাশে সানগ্লাস ও পাগড়ি পরা একটি উটের ছবি, গলায় ঝুলানো কাগজে লেখা ‘ওর্থ ইট’ অর্থাৎ সার্থক। এর আগেই চলতি বিশ্বকাপে আর্জেন্টিনার জালে প্রথম দল হিসেবে বল জড়ায় জর্ডান। মুসা আল তামারির গোল দেখার পর ওই ভক্তের মনে হয়েছে, বেশি দাম দিয়ে টিকিট কেনা বিফলে যায়নি। চলতি বিশ্বকাপে নিজেদের প্রথম দুটি ম্যাচে জর্ডান হেরে যাওয়ায় জে গ্রুপ থেকে তাদের বিদায় নিশ্চিত হয়ে যায়। অস্ট্রিয়ার কাছে ৩-১, আলজেরিয়ার কাছে ২-১ এবং শেষ ম্যাচে আর্জেন্টিনার কাছে ৩-১ গোলে হেরে দেশটির প্রথম বিশ্বকাপ শেষ হয় কোনো সাফল্য ছাড়াই। প্রসঙ্গত, এবারের বিশ্বকাপের টিকিটের দাম ছিল আকাশছোঁয়া। ফিফার অফিসিয়াল ওয়েবসাইটে সর্বোচ্চ ক্যাটাগরির টিকিটের মূল্য ফাইনালের প্রায় সাড়ে ৭ লাখ টাকা, সবচেয়ে সস্তা টিকিট ১২০ ডলার ও সর্বোচ্চ ২৫০ ডলার ছিল।