ছাগলনাইয়ায় শুরু জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬
ছাগলনাইয়া উপজেলায় শিশুদের অপুষ্টিজনিত অন্ধত্ব প্রতিরোধ ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উদ্বোধন করা হয়েছে। উপজেলার ১৪৪টি কেন্দ্রে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।
গতকাল রবিবার সকালে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে ও জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের সহযোগিতায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন করা হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু তাহের এ সময় জানান, সারা দেশের ন্যায় ছাগলনাইয়া উপজেলায়ও এ ক্যাম্পেইন শুরু হয়েছে এবং সকলের সহযোগিতায় এটি বাস্তবায়ন করতে হবে। পুরো উপজেলায় মোট ১৪৪টি কেন্দ্রে একযোগে এ ক্যাম্পেইন চলছে। ৬ মাস থেকে ১১ মাস বয়সী শিশুকে সবুজ ক্যাপসুল এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুকে লাল ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে ডা. সাকিব মোহাম্মদ সাব্বির ও ডা. এএসএম আবরার সাকিব চৌধুরীসহ স্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।