শফিকুর রহমান বললেন, জুলাই অভ্যুত্থানের মাস্টারমাইন্ড ১৮ কোটি মানুষ
জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান জাতীয় সংসদে বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের কোনো একক মাস্টারমাইন্ড তিনি মানেন না। তিনি এপ্রিলে তারেক রহমানকে 'প্রধান নায়ক' বলে উল্লেখ করেছিলেন, কিন্তু ৫ আগস্টের পর তার অবস্থান পরিবর্তন হয়েছে। তিনি যুব সমাজকে কৃতিত্ব দিয়ে বলেন, মাস্টারমাইন্ড হলো বাংলাদেশের ১৮ কোটি মানুষ।
জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান জুলাই গণঅভ্যুত্থানের 'মাস্টারমাইন্ড' হিসেবে কোনো একক ব্যক্তিকে মানতে নারাজ। রোববার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় এ কথা বলেন তিনি। এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসা করেন এবং শফিকুর রহমানের একটি পুরোনো বক্তব্য উদ্ধৃত করেন, যেখানে তিনি তারেক রহমানকে গণঅভ্যুত্থানের 'প্রধান নায়ক' হিসেবে উল্লেখ করেছিলেন। এরপর দাঁড়িয়ে ব্যাখ্যা দেন শফিকুর রহমান। তিনি বলেন, ওই বক্তব্য ছিল ২০২৪ সালের এপ্রিলের। ৫ আগস্টের পর তার অবস্থান স্পষ্ট—এই আন্দোলনের একক কোনো মাস্টারমাইন্ড তিনি মানেন না। গণঅভ্যুত্থানের কৃতিত্ব কোনো একক ব্যক্তি বা নেতৃত্বের কাছে সীমাবদ্ধ না রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, ওই সময় যাদের নেতৃত্বে এই অভ্যুত্থান সফল হয়েছে, তাদের সবাই অন্তর থেকে সম্মান করি, ভালোবাসি। সাবেক অন্তর্বর্তী সরকারে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের একটি মন্তব্যের প্রসঙ্গ টেনে শফিকুর রহমান বলেন, ড. ইউনূস আমেরিকায় গিয়ে একজনকে মাস্টারমাইন্ড বলেছিলেন। তিনি প্রথমেই এর প্রতিবাদ করে বলেছেন, এই আন্দোলনের একক কোনো মাস্টারমাইন্ড তিনি মানেন না। জামায়াত আমির বলেন, তাদের যুব সমাজকে কৃতিত্ব দিতে চাই। আর মাস্টারমাইন্ড হচ্ছে বাংলাদেশের ১৮ কোটি মানুষ।