সংসদে বিএনপি এমপির প্রস্তাব: ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল করে দুই মাসের মধ্যে ব্যাংকে জমা দেওয়ার সুযোগ
বিএনপির সংসদ সদস্য মাহবুব উদ্দিন খোকন ৫০০ ও ১০০০ টাকার নোট সাময়িকভাবে বাতিলের প্রস্তাব করেছেন। তাঁর মতে, এর ফলে মানুষের ঘরে থাকা নগদ টাকা ব্যাংকে আসবে এবং যারা কর দেয়নি তারা ২৫ শতাংশ কর দিয়ে তা বৈধ করতে পারবে।
বিএনপির সংসদ সদস্য এ এম মাহবুব উদ্দিন খোকন ৫০০ ও ১০০০ টাকার নোট সাময়িকভাবে বাতিলের প্রস্তাব দিয়েছেন। রোববার সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ প্রস্তাব উপস্থাপন করেন।
নোয়াখালী-১ আসনের এই সংসদ সদস্য ব্যাংকিং খাতে মানুষের আস্থা কমে যাওয়ার বিষয়টি তুলে ধরে বলেন, মানুষের ঘরে নগদ টাকা আছে, কিন্তু ব্যাংকের ওপর মানুষের আস্থা নেই। তাই তারা ব্যাংকে টাকা রাখে না।
তিনি আরও বলেন, যারা অতীতে টাকা বিদেশে পাচার করতে চেয়েছিলেন কিংবা স্বৈরাচারী শাসনের সঙ্গে যুক্ত ছিলেন, তারাও বিশাল পরিমাণ নগদ অর্থ রেখে গেছেন। ফলে একটি বড় অঙ্কের অর্থ ব্যাংকিং ব্যবস্থার বাইরে রয়ে গেছে।
মাহবুব উদ্দিন খোকন বলেন, অর্থের চরিত্র হচ্ছে—যেখানে নিরাপদ বোধ করবে, সেখানেই থাকবে। সিস্টেম চেঞ্জ করতে হবে, তাহলেই মানুষ নিরাপদ বোধ করবে এবং বিদেশ থেকে টাকা দেশে ফিরে আসবে।
তাঁর প্রস্তাব অনুযায়ী, ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল করে দুই মাসের মধ্যে ব্যাংকে জমা দেওয়ার সুযোগ দেওয়া হবে। যাদের ট্যাক্স ফাইল নেই, তারা ২৫ শতাংশ কর দিয়ে সেই টাকা বৈধ করতে পারবেন। এর ফলে অর্থ বৈধ হবে, যা বিনিয়োগ করলে দেশের অর্থনীতির চাকা ঘুরবে এবং বাজেট ঘাটতিও পূরণ হবে।