৪৭তম বিসিএস: ১৫২১ জনকে নিয়োগের সুপারিশ
সরকারি কর্ম কমিশন-পিএসসি ৪৭তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করেছে। এতে মোট ১৫২১ জন প্রার্থীকে চাকরিতে নিয়োগের সুপারিশ করা হয়েছে, যাদের মধ্যে ১৩২০ জন ক্যাডার এবং ২০১ জন নন-ক্যাডার পদে মনোনয়ন দেওয়া হবে।
জুলাই অভ্যুত্থানের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ৪৭তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করেছে পিএসসি। ২০২৪ সালের ২৮ নভেম্বর এই পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল এবং প্রায় দেড় বছরেরও বেশি সময় পরে এই চূড়ান্ত ফলাফল আসল।
৪৭তম বিসিএস পরীক্ষা-২০২৪ এ উত্তীর্ণ মোট ১ হাজার ৫২১ জনকে চাকরিতে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে। এদের মধ্যে ১ হাজার ৩২০ জনকে ক্যাডার পদে এবং ২০১ জনকে নন-ক্যাডার পদে মনোনয়ন প্রদান করা হবে। মোট ৩ হাজার ৪৮৭টি ক্যাডার এবং ২০১টি নন-ক্যাডার পদে নিয়োগ দেওয়ার জন্য এই বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল।
এই বিসিএসে প্রথমবারের মতো আবেদনের বয়সসীমা ৩২ বছর নির্ধারণ করা হয়। এছাড়া সংশোধিত বিজ্ঞপ্তিতে মৌখিক পরীক্ষার নম্বর ২০০ থেকে কমিয়ে ১০০ করা হয়, ফলে মোট নম্বর ১১০০ থেকে পরিবর্তন করে ১০০০ করা হয়। ২০২৪ সালের ২৯ ডিসেম্বর থেকে আবেদন শুরু হয়ে ২০২৫ সালের ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলমান ছিল।
২০২৫ সালের ১৯ সেপ্টেম্বর আট বিভাগীয় শহরের ২৬২টি শিক্ষা প্রতিষ্ঠানে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়, যেখানে ১০ হাজার ৬৪৪ প্রার্থী উত্তীর্ণ হয়। একই বছরের ২৭ নভেম্বর লিখিত পরীক্ষা শুরু হয়ে ডিসেম্বরের ১৮ তারিখ পর্যন্ত চলে। গত ৭ এপ্রিল লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৩ হাজার ৬৩১ প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়। ১১ মে থেকে মৌখিক পরীক্ষা শুরু হয়ে রোববার তা শেষ হয় এবং একই দিনে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়।