ফেনীতে যুবলীগ কর্মী খুন: আটক ২
ফেনীর ছাগলনাইয়ায় ঘোপালে এলাকায় যুবলীগ কর্মী যোবায়ের হোসেন পারভেজ (৩২) কুপিয়ে হত্যার ঘটনায় পুলিশ দুইজনকে আটক করেছে। অভিযুক্তরা নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী বলে জানা গেছে।
ফেনীর ছাগলনাইয়া থানা পুলিশ জানায়, গত শনিবার (২৭ জুন) সকালে উপজেলার নিজকুঞ্জরা গ্রামের নুর আহাম্মদ মাস্টার বাড়ি এলাকা থেকে যোবায়ের হোসেন পারভেজের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে রাত ৮টার দিকে পারভেজকে কুপিয়ে হত্যা করা হয়। পুলিশ এ ঘটনায় অভিযুক্ত শাহাদাত ও মামুনকে আটক করেছে। তারা স্থানীয় ছাদেক মিয়ার ছেলে এবং নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী বলে জানা গেছে। পারভেজের বিরুদ্ধে হত্যা, মাদক, চোরাচালানসহ ২৫টি মামলা ছিল। তিনি সম্প্রতি দুই বছর কারাভোগ শেষে মুক্তি পেয়েছিলেন। দুজনই দীর্ঘদিন কারাগারে ছিলেন এবং মুক্তির পর স্থানীয় একটি দোকান নিয়ে তাদের মধ্যে বিরোধ শুরু হয়। শুক্রবার রাতে দোকানের কাজ নিয়ে মামুনের ছোট ভাইকে মারধর করেন পারভেজ। পরে রাত ২টার দিকে বাড়ি ফেরার পথে মামুন ও শাহাদাত ধারালো অস্ত্র দিয়ে পারভেজকে কুপিয়ে গুরুতর জখম করেন। সকালে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করেন। পুলিশ সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য মরদেহ ফেনী জেনারেল হাসপাতালে পাঠিয়েছে এবং একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।