সব সংবাদ
রাজনীতি

বিরোধী দলের সমালোচনাকে আমলে নিচ্ছি না: মন্ত্রী শেখ রবিউল আলম

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় বিরোধী দলের সমালোচনাকে গুরুত্ব না দিয়ে বলেছেন, তারা এই প্রথম বিরোধী দল হওয়ায় অনেক জায়গায় ভুল করেছে। আরও কয়েকবার বিরোধী দলে থাকলে সমালোচনা করার কৌশল বুঝবে।

সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে বিরোধী দলের সমালোচনাকে আমলে না নেওয়ার কথা জানান। তিনি বলেন, এই সরকার প্রথম বাজেট উপস্থাপন করেছে এবং জনগণের ম্যান্ডেট পেয়েছে। বাজেট হচ্ছে রাষ্ট্র কর্তৃক আহরিত অর্থের সম্ভাব্য ব্যবহারের চিত্র।

অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে শেখ রবিউল আলম বলেন, রাষ্ট্র পরিচালনার ব্যয় আগের ৭২ দশমিক ৭ শতাংশ থেকে কমিয়ে ৬৬ দশমিক ৩ শতাংশে নিয়ে আসা হয়েছে। এর ফলে অপচয় রোধ করা সম্ভব হয়েছে এবং অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা হয়েছে। একই সঙ্গে উন্নয়ন ব্যয় বাড়িয়ে ৩৩ দশমিক ৭ শতাংশ করা হয়েছে, যা গত অর্থবছরে ছিল ২৭ দশমিক ৩ শতাংশ।

তিনি আরও বলেন, পূর্ববর্তী ফ্যাসিস্ট সরকার প্রচুর ঋণ চাপিয়ে দিয়ে গেছে। সেই ঋণের সুদ দেওয়ার জন্যই বর্তমান সরকারকে ১৩ দশমিক ৬ শতাংশ অর্থ ব্যয় করতে হচ্ছে। এটি না দিতে হলে অনুন্নয়ন ব্যয় আরও কমানো যেত।

বিএনপি সরকারের আমলে ২০০১ থেকে ২০০৬ সালে প্রবৃদ্ধি ৬ দশমিক ১ থেকে ৬ দশমিক ৯ শতাংশ হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, এবার আমাদের প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে মাত্র ৬ দশমিক ৫ শতাংশ। বিএনপি জানে কীভাবে লক্ষ্য অর্জন করতে হয়।