বিশ্বকাপের উৎসবে নিউইয়র্কে প্রবাসীদের সঙ্গে জামালের সাক্ষাৎ, বাংলাদেশের ফুটবল উন্নয়নে মতবিনিময়
বিশ্বকাপ চলাকালীন নিউইয়র্কে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়ার সঙ্গে সাক্ষাৎ করেন প্রবাসী বাংলাদেশিরা। সাক্ষাতকালে বাংলাদেশের ফুটবল উন্নয়নের পথ নিয়ে নানা আলোচনা হয়। জামাল বলেন, দেশের ফ্যাসালিটি বাড়াতে হবে এবং ঢাকার বাইরে স্টেডিয়াম ও ফ্লাডলাইটের ব্যবস্থা করতে হবে।
যুক্তরাষ্ট্রে ফুটবলের বিশ্বকাপ চলছে। এই মেগা ইভেন্টের মধ্যেই নিউইয়র্কের জ্যাকসন হাইটসে বাংলাদেশি প্রবাসীদের একটি বড় জমায়েত হয়েছিল। তাদের একমাত্র উদ্দেশ্য ছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়ার সঙ্গে সাক্ষাৎ করা। প্রবাসীরা কেউ সেলফি তুলেছেন, কেউ অটোগ্রাফ নিয়েছেন। এরপর অনেকে বিশ্বকাপ ও বাংলাদেশের ফুটবল নিয়ে নানা প্রশ্ন করেছেন। বাংলাদেশ কবে বিশ্বকাপে খেলতে পারবে, এই প্রশ্নের উত্তরে জামাল বলেন, আমাদের ফ্যাসালিটি বাড়াতে হবে। অনেক জেলায় স্টেডিয়াম আছে কিন্তু ভালো মাঠ নেই। ঢাকার বাইরে দুই-একটি জেলায় ফ্লাডলাইট নেই। শুধু জেলা পর্যায়ের স্টেডিয়াম নয়, ক্লাব পর্যায়ের ব্যবস্থাও উন্নতি করতে হবে। ফ্যাসালিটিজ বাড়লে ধাপে ধাপে এগোতে পারব। প্রপার গাইডেন্সসহ অনেক কিছুতেই বাংলাদেশের অভাব রয়েছে। তিনি আরও বলেন, তিনি ছোটবেলায় ডেনমার্কে ফুটবল কালচারে বড় হয়েছেন, বাংলাদেশে এটা ডেভেলপ করতে হবে। জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক এখন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। তিনি দায়িত্ব নেওয়ার পর ফুটবলাররা মাসিক ভাতার আওতায় এসেছে। জামাল বলেন, বর্তমান মন্ত্রী নিজেই ফুটবলার, তিনি ফুটবলের বিষয়গুলো ভালো বোঝেন। আশা করি সামনে আরও ভালো কিছু হবে। বর্তমান কোচ থমাস ডুলি সম্পর্কে জামাল বলেন, ডুলি ১৯৯৪ সালে আমেরিকায় বিশ্বকাপে খেলেছেন এবং ১৯৯৮ সালে ফ্রান্স বিশ্বকাপে আমেরিকার অধিনায়কত্ব করেছেন। সে পেশাদার ফুটবলার ছিল। আগের কোচ যারা ছিল তারা পেশাদার খেলোয়াড় ছিল না। তার জ্ঞান অনেক ভালো। অর্ধযুগের বেশি সময় ধরে জামাল বাংলাদেশ দলের অধিনায়ক। তার উপলব্ধি, বাংলাদেশের ফুটবল প্রায় পুরোটাই ঢাকা কেন্দ্রিক। শীর্ষ লিগে যারা খেলে সবই ঢাকার ক্লাব। বিভাগ বা জেলা থেকে দল আসলে সেটা আরও ভালো হয়। এজন্য তিনি সুপার লিগের প্রস্তাব দিয়েছিলেন। হামজা চৌধুরী ও সামিত সোম দলে আসায় শক্তি বেড়েছে। তবে ফুটবলে ভালো মানের স্ট্রাইকারের সংকটের বিষয়টি তুলে ধরেন জামাল। তিনি বলেন, সাত-আট বছর ধরে এই প্রশ্ন পাচ্ছি। ঘরোয়া লিগে বিদেশি স্ট্রাইকার খেলে। ক্লাবগুলো টাকা বিনিয়োগ করে। এটাও একটা ইস্যু। জামাল ব্রাজিলের সমর্থক। তিনি আগামীকাল ব্রাজিলের খেলা দেখতে হিউস্টন যাবেন। রাউন্ড অফ ৩২-এ ব্রাজিলের ম্যাচ জাপানের বিপক্ষে। বিশ্বকাপ চ্যাম্পিয়ন হবে কে? এমন প্রশ্নের উত্তরে জামাল হেসে বলেন, কেপ ভার্দে। ১৯ জুলাই নিউইয়র্ক নিউ জার্সিতে বিশ্বকাপের ফাইনাল হবে। জামাল ফাইনালের শহরে এসেছেন এবং আরেকটি ম্যাচ দেখবেন। তিনি বলেন, সব ফুটবলারই কাছ থেকে বিশ্বকাপ ম্যাচ দেখতে চায়। আমি নিউইয়র্কে আসতে পেরে ভালো লাগছে। একটি ম্যাচ দেখব এটাও দারুণ।