তিস্তা মহাপরিকল্পনা: দ্রুত সম্ভাব্যতা জরিপ শেষ করবে বাংলাদেশ-চীন
পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের সময় তিস্তা মহাপরিকল্পনা শুরু করতে দ্রুততম সময়ে সম্ভাব্যতা জরিপ সম্পন্ন করা হবে। চীন এই প্রকল্পের জন্য প্রযুক্তিগত সহযোগিতা দিতে সম্মত হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের সময় পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি গণমাধ্যমকে জানিয়েছেন, তিস্তা মহাপরিকল্পনা শুরু করতে খুব দ্রুততম সময়ে সম্ভাব্যতা জরিপ শেষ করা হবে। তিনি বলেন, চীন তিস্তায় একটি সুবিধা সংক্রান্ত স্ট্যান্ডিংয়ের বিষয়ে সম্মত হয়েছে এবং বাংলাদেশ যৌথভাবে সেই কাজ সম্পন্ন করবে। পানিসম্পদ মন্ত্রী আরও জানান, সামগ্রিক নদী ব্যবস্থাপনায় অন্যান্য নদীর জন্যও বাংলাদেশ চীনের কাছে সহযোগিতা চেয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান চীন সফরে গিয়েছিলেন। গত ২২ জুন তিনি চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর তালিয়ানে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে অংশগ্রহণ করেন এবং পরদিন বেইজিংয়ে পৌঁছান। বৃহস্পতিবার গ্রেট হল অব দ্য পিপলে চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক হয়। শুক্রবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় ও একান্ত বৈঠক করেন প্রধানমন্ত্রী। পানিসম্পদ মন্ত্রী বলেন, চীনের পানিসম্পদ মন্ত্রীর সঙ্গে বৈঠকে তিস্তা নিয়ে আলোচনা হয়েছে এবং তারা প্রযুক্তিগত সহযোগিতা দিতে সম্মত হয়েছে। তিস্তা অববাহিকায় হাজার হাজার, লক্ষ লক্ষ মানুষ দীর্ঘদিন থেকে দুর্ভোগ পোহাচ্ছে এবং এর থেকে উত্তরণে এই প্রকল্প খুব জরুরি। মন্ত্রী আরও বলেন, বাংলাদেশ ও চীনের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। ১৯৭৬ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে এই সম্পর্ক স্থাপন হয়েছিল এবং পরবর্তীতে বেগম খালেদা জিয়া চীন সফর করেছেন। প্রধানমন্ত্রীর এই সফরে সফরসঙ্গী ছিলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন, পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, বেসামরিক বিমান চলাচল প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টারা।