সব সংবাদ
ফেনী

ছাগলনাইয়ায় যুবলীগ নেতা জোবায়েদ পারভেজ খুন

ফেনীর ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক জোবায়েদ পারভেজ (৩২) নামের এক যুবলীগ নেতার গলা ও হাত কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জের ধরে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়নের যুবলীগ নেতা জোবায়েদ পারভেজ (৩২) নামের একজনের হাত ও গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার সকালে উপজেলার নিজকুঞ্জরা গ্রামের একটি পুকুরপাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত জোবায়েদ পারভেজ ওই এলাকার আবু তাহেরের ছেলে এবং ঘোপাল ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাত ১টার দিকে পারভেজকে শেষবার দেখেছিলেন তার বাবা। শনিবার ভোরে বাড়ির পাশে পুকুরপাড়ে তার গলা ও হাত কাটা মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। নিহতের ছোট ভাই সাব্বির হোসেনের অভিযোগ, একই গ্রামের শাহাদাত হোসেন ও মামুনুর রশিদ মামুনের সঙ্গে পারভেজের দোকান সংক্রান্ত বিরোধ ছিল। এই বিরোধের জেরেই পারভেজকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে তার দাবি। পুলিশ জানায়, জোবায়েদ পারভেজের বিরুদ্ধে ডাকাতি, ধর্ষণ, চাঁদাবাজি, মাদক, চোরাচালান ও চুরিসহ ১৮টিরও অধিক মামলা রয়েছে। এঘটনায় পারভেজের দোকানের কর্মচারী করিমুল হক মাইকেলকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। হত্যাকান্ডের প্রকৃত কারণ উদঘাটন ও অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে।