সব সংবাদ
অন্যান্য

যশোর-মাগুরা মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা: পিকআপের ধাক্কায় ছিটকে বাসচাপায় প্রাণ হারালেন শিক্ষক

যশোর-মাগুরা মহাসড়কে হাশিমপুর বাজার এলাকায় দুর্ঘটনায় একজন স্কুলশিক্ষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সকালে মোটরসাইকেলে করে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান তাকে ধাক্কা দেলে তিনি রাস্তায় ছিটকে পড়েন। এরপর একটি বাসের চাপায় তিনি ঘটনাস্থলেই মারা যান।

যশোর-মাগুরা মহাসড়কে রোববার সকালে একটি মর্মান্তিক দুর্ঘটনায় একজন স্কুলশিক্ষকের প্রাণ গেছে। সকাল সাড়ে আটটার দিকে মহাসড়কের হাশিমপুর বাজার এলাকায় এই ঘটনা ঘটে। নিহত শিক্ষকের নাম সেলিম রেজা (৪০)। তিনি বাঘারপাড়া উপজেলার জহুরপুর ইউনিয়নের খালিয়া গ্রামের লুৎফর রহমানের ছেলে এবং যশোর সদরের লেবুতলা মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজির শিক্ষক ছিলেন।

স্থানীয়রা জানান, সেলিম রেজা যশোর শহরের বাসা থেকে মোটরসাইকেলে করে খাজুরার দিকে যাচ্ছিলেন। হাশিমপুর বাজারে আহার নামে একটি রেস্তোরাঁর সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান তার মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়েন। এরপর ঢাকাগামী একটি বাসের চাপায় তিনি ঘটনাস্থলেই মারা যান।

ইছালী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আনিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ক্ষতিগ্রস্ত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে এবং বারোবাজার হাইওয়ে পুলিশ ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।