সব সংবাদ
জাতীয়

রামপুরায় হত্যা: সাবেক ডিএমপি কমিশনার হাবিবুরসহ ৩ জনের মৃত্যুদণ্ড

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ জুলাই ২০২৪ অভ্যুত্থানের সময় রামপুরায় দুজনকে হত্যার ঘটনায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন। একই মামলায় আরও দুজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ রোববার এই আদেশ দিয়েছেন। মৃত্যদণ্ডপ্রাপ্ত অন্য দুজন হলেন ডিএমপির খিলগাঁও জোনের সাবেক অতিরিক্ত উপ-কমিশনার রাশেদুল ইসলাম এবং রামপুরা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান। একই মামলায় পুলিশের সাবেক উপ-পরিদর্শক তরিকুল ইসলাম ভূঁইয়াকে যাবজ্জীবন কারাদণ্ড এবং চঞ্চল চন্দ্র সরকারকে ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। গত বছরের ৬ আগস্ট এই পাঁচজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা দেওয়া হয়েছিল। প্রসিকিউশন জানায়, ২০২৪ সালের ১৯ জুলাই পুলিশের অভিযানের সময় ছয় বছরের শিশু মুসা গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। বুলেটটি ওই শিশুর শরীর ভেদ করে তার দাদি মায়া ইসলামকে আঘাত করে। মুসা চিকিৎসার পর বেঁচে গেলেও মায়া ইসলাম আঘাতের কারণে মারা যান। ওই সময় মো. নাদিম নামে আরও একজন গুলিবিদ্ধ হয়ে মারা যান। একই দিনের আরেক ঘটনায় ১৮ বছর বয়সী আমির হোসেন একটি নির্মাণাধীন ভবনের কার্নিশ ধরে ঝুলে থাকা অবস্থায় পুলিশের গুলিতে নিহত হন। এই মামলার আসামিদের মধ্যে শুধুমাত্র চঞ্চল চন্দ্র সরকার হেফাজতে রয়েছেন, বাকিরা পলাতক। এছাড়া, ২০২৪ সালের ৫ আগস্ট ঢাকার চাঁনখারপুলে ছয়জনকে হত্যার দায়ে হাবিবুর রহমান আগেই মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়েছেন।