সব সংবাদ
আন্তর্জাতিক

কুয়েতে ইরানের হামলার তীব্র নিন্দা

কুয়েতে মার্কিন সেনাদের লক্ষ্য করে ইরানের হামলার তীব্র নিন্দা জানিয়েছে কুয়েত সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয় এই হামলাকে সার্বভৌমত্বের জঘন্য আগ্রাসন এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে অভিহিত করেছে।

কুয়েতের আলি আল সালেম বিমানঘাঁটিতে অবস্থানরত মার্কিন বাহিনীকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয়। একটি সরকারি বিবৃতিতে এই হামলাকে সার্বভৌমত্বের 'জঘন্য ও বারবার সংঘটিত আগ্রাসন' এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের শামিল বলে উল্লেখ করা হয়েছে। কুয়েতের দাবি, এ ধরনের হামলা মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমানোর আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করছে এবং শান্তি প্রতিষ্ঠার বৈশ্বিক উদ্যোগের জন্যও সরাসরি চ্যালেঞ্জ। বিবৃতিতে আরও বলা হয়েছে, দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা, স্থিতিশীলতা এবং নাগরিকদের সুরক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার পূর্ণ অধিকার কুয়েত সংরক্ষণ করে। এর আগে ইরান দাবি করে, তারা কুয়েতের আলি আল সালেম বিমানঘাঁটিতে অবস্থানরত মার্কিন বাহিনীকে লক্ষ্য করে এই হামলা চালিয়েছে। তেহরানের পক্ষ থেকে বলা হয়েছে, মার্কিন সেন্ট্রাল কমান্ড হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলকে কেন্দ্র করে ইরানের উপকূলীয় অঞ্চলে যে হামলা চালিয়েছিল, তার জবাব হিসেবেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

মূল প্রতিবেদন (Reference): ইরানের হামলার নিন্দা কুয়েতের — Jugantor