সব সংবাদ
অর্থনীতি

সড়ক-রেলখাতে বছরে ৪৬ হাজার ৮৫৮ কোটি টাকা বরাদ্দ, ৩ হাজার কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণ পরিকল্পনা

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সড়ক ও রেলপথ খাতে মোট ৪৬ হাজার ৮৫৮ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এই বরাদ্দের মাধ্যমে ৩ হাজার কিলোমিটার আধুনিক এক্সপ্রেসওয়ে নির্মাণ, ঢাকায় মেট্রোরেল ও মনোরেল প্রকল্প বাস্তবায়ন এবং রেলখাতে ঢাকা-কুমিল্লা কর্ড লাইন নির্মাণের সম্ভাব্যতা যাচাই করা হবে।

সড়ক পরিবহণ ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ রোববার (২৮ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় এসব তথ্য জানান। প্রতিমন্ত্রী বলেন, সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের জন্য ৩৬ হাজার ৯১৭ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যার মধ্যে উন্নয়ন কর্মকাণ্ডে ৩০ হাজার ৭৪১ কোটি টাকা ব্যয় হবে। বর্তমানে দেশে ১০৬টি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। আগামী দিনে দেশে ৩ হাজার কিলোমিটার আধুনিক ও নিরাপদ এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে, যা ব্যবসা-বাণিজ্য, শিল্পায়ন ও পর্যটনে নতুন গতি সঞ্চার করবে। রাজধানীর যানজট নিরসনে ঢাকার অভ্যন্তরে থাকা আন্তঃজেলা বাস টার্মিনালগুলো রাজধানীর বাইরে স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। মেট্রোরেলের পাশাপাশি মনোরেল এবং বৈদ্যুতিক যানবাহন চালুর লক্ষ্যে কাজ চলছে। ভবিষ্যতের পরিবহণ ব্যবস্থাকে দক্ষ ও পরিবেশবান্ধব করতে সরকার ৫ লাখ দক্ষ চালক তৈরির পরিকল্পনাও বাস্তবায়ন করছে। রেলপথ খাতে ৯ হাজার ৯৪১ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। ঢাকা-কুমিল্লা কর্ড লাইন নির্মাণের সম্ভাব্যতা যাচাই কার্যক্রম চলমান রয়েছে। প্রতিটি ট্রেনে ইন্টারনেট সেবা চালু, প্রতিটি রেলস্টেশনে সৌরবিদ্যুতের ব্যবহার নিশ্চিত, যাত্রীসেবা সম্প্রসারণ এবং নতুন লোকোমোটিভ ও কোচ সংযোজনের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার প্রস্তাবিত বাজেট দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করা এবং ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করার লক্ষ্যে প্রণয়ন করা হয়েছে। প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া ও চীন সফরের প্রশংসা করে বলেন, এ সফরের মাধ্যমে বাংলাদেশের কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে। নিজ নির্বাচনি এলাকা ঢাকা-৯ প্রসঙ্গে তিনি বলেন, এলাকায় এখনও বিভিন্ন স্থানে বাঁশের সাঁকো এবং অবকাঠামোগত সীমাবদ্ধতা রয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় মুগদা হাসপাতালকে ৫০০ শয্যা থেকে ১ হাজার শয্যায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে।