কারিগরি শিক্ষায় ৮ হাজারেরও বেশি পদ শূন্য
জাতীয় সংসদে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক জানিয়েছেন, দেশের কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে অনুমোদিত ১৫ হাজার ৮৪৪টি শিক্ষক পদের মধ্যে ৮ হাজার ৪৮৬টি পদ শূন্য রয়েছে।
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক রোববার (২৮ জুন) জাতীয় সংসদের বৈঠকে জামায়াতে ইসলামী বাংলাদেশ ও জাতীয় নাগরিক পার্টির সংসদ সদস্যদের পৃথক লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান। তিনি বলেন, বর্তমানে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের আওতাধীন প্রতিষ্ঠানগুলোতে ৭ হাজার ৭৪ জন শিক্ষক কর্মরত রয়েছেন। এই পরিসংখ্যান অনুযায়ী অনুমোদিত পদের তুলনায় ৮ হাজার ৪৮৬টি পদ শূন্য রয়েছে। মন্ত্রী আরও জানান, ইনস্ট্রাক্টর (৯ম গ্রেড) ও জুনিয়র ইনস্ট্রাক্টর (১০ম গ্রেড) পদে বিসিএস পরীক্ষার মাধ্যমে পিএসসি নিয়োগ দিয়ে থাকে। ইতোমধ্যে ২ হাজার ২০৪টি শূন্য পদে নিয়োগের জন্য পিএসসিতে রিকুইজিশন পাঠানো হয়েছে। এছাড়া ৪৫তম বিসিএসের মাধ্যমে ৯৭ জন ক্যাডার এবং ৩৪৯ জন নন-ক্যাডার শিক্ষক নিয়োগের সুপারিশ করা হয়েছে। পদোন্নতির মাধ্যমে শূন্য পদ পূরণের ক্ষেত্রে তিনি উল্লেখ করেন, পদোন্নতিযোগ্য ৪ হাজার ১৩১টি শিক্ষক ও কর্মচারীর পদে প্রয়োজনীয় জনবল না থাকায় পদোন্নতি দেওয়া সম্ভব হচ্ছে না।
এদিন শিক্ষামন্ত্রী আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য সংসদকে জানান। ২০২৭ শিক্ষাবর্ষ থেকে ষষ্ঠ শ্রেণির সাধারণ ধারার শিক্ষার্থীদের জন্য ‘কারিগরি শিক্ষা’ বিষয়ে নতুন পাঠ্যপুস্তক চালু করা হবে। এই পাঠ্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীরা কারিগরি শিক্ষার বিভিন্ন ক্ষেত্র, প্রয়োজনীয় দক্ষতা, কর্মসংস্থান এবং উচ্চশিক্ষার সুযোগ সম্পর্কে ধারণা পাবে। একই শিক্ষাবর্ষ থেকে ষষ্ঠ শ্রেণির জন্য ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ নামে আরেকটি নতুন পাঠ্যপুস্তক চালু করা হবে, যা শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তা বিকাশে সহায়ক হবে।
বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে দায়ের হওয়া ফৌজদারি মামলার কারণে যেসব এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর বেতন-ভাতার বকেয়া সৃষ্টি হয়েছে, তাদের আবেদন ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করে বিধি অনুযায়ী বকেয়া এমপিও পরিশোধের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও মন্ত্রী জানান।
সংসদে আরও জানানো হয়, বর্তমানে দেশে মোট বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ১৭৪টি। এর মধ্যে সরকারি বিশ্ববিদ্যালয় ৫৬টি (৩০টি সাধারণ, ১৮টি বিজ্ঞান ও প্রযুক্তি, ৮টি প্রকৌশল, কৃষি, মেডিক্যাল ও অন্যান্য বিশেষায়িত), বেসরকারি ১১৬টি এবং আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় ২টি।