সব সংবাদ
জাতীয়

ফরিদপুরে গ্রামবাসীদের সংঘর্ষে মহাসড়ক অবরোধ, আহত অর্ধশতাধিক

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বাসস্ট্যান্ডের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই ইউনিয়নের গ্রামবাসীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সংঘর্ষে পুলিশ, সাংবাদিক ও বিএনপি নেতাসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। সংঘর্ষের কারণে ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার (২৮ জুন) সকাল ৮টা থেকে শুরু হওয়া এই সংঘর্ষ দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চললেও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেনি। ভাঙ্গার হামেরদী ইউনিয়নের মহেশ্বরদী মৌজার ১১ গ্রাম এবং মানিকদহ ইউনিয়নের পুকুরিয়া মৌজার ৫ গ্রামের বাসিন্দাদের মধ্যে দীর্ঘদিন ধরে পুকুরিয়া বাসস্ট্যান্ডের দখল নিয়ে বিরোধ চলে আসছিল। শনিবার সন্ধ্যায় মহেশ্বরদী গ্রামের বাসিন্দা আব্দুল কালাম পুকুরিয়া বাসস্ট্যান্ডে গেলে তাকে বেধড়ক মারধর করা হয়। এর জের ধরে রোববার সকালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। প্রাথমিকভাবে জানা গেছে, এই সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছে। এর মধ্যে সংঘর্ষে লিপ্ত ব্যক্তিদের পাশাপাশি রাজনীতিবিদ, সাংবাদিক ও পুলিশ সদস্য রয়েছেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একাধিক টিয়ার শেল নিক্ষেপ করে। তবে শত শত গ্রামবাসী মহাসড়কে উঠে পড়ায় পুলিশ নিয়ন্ত্রণে আনতে পারছে না। সংঘর্ষের কারণে ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে এবং যাত্রীরা দুর্ভোগে পড়েছেন। ভাঙ্গা থানার ওসি মিজানুর রহমান জানান, সংঘর্ষ ঠেকানোর চেষ্টা করে যাচ্ছি এবং ফরিদপুর থেকে অতিরিক্ত পুলিশ চেয়ে পাঠানো হয়েছে।