সব সংবাদ
রাজনীতি

লন্ডনের আদলে শিক্ষা ও দরিদ্রবান্ধব বাজেট, এটি স্মরণকালের ইতিহাস

সরকারি দলের সংসদ সদস্য আমান উল্লাহ আমান ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে স্মরণকালের ঐতিহাসিক ও মানবিক বাজেট হিসেবে অভিহিত করেছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৮ বছরের নির্বাসিত জীবনের অভিজ্ঞতা ও লন্ডনের শিক্ষা ব্যবস্থার আদলে এই বাজেট প্রণয়ন করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। শিক্ষা খাতে ১ লাখ ৩৬ হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে এবং নিত্যপণ্যের কর কমানো হয়েছে।

রোববার (২৮ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে সরকারি দলের সংসদ সদস্য আমান উল্লাহ আমান এসব কথা বলেন। অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সভাপতিত্ব করেন। পাঁচবারের নির্বাচিত এই সংসদ সদস্য বলেন, ১৯৯১ সাল থেকে তিনি সংসদে অনেক বাজেট দেখেছেন। কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী যে প্রস্তাবিত বাজেট পেশ করেছেন, তা ইতিহাসে আগে কখনো দেখা যায়নি। এটি একটি মানবিক ও দরিদ্রবান্ধব বাজেট। শিক্ষা খাতে ১ লাখ ৩৬ হাজার কোটি টাকার বিশাল বরাদ্দ দেওয়া হয়েছে। লন্ডনের প্রাথমিক বিদ্যালয়গুলোতে ছাত্রছাত্রীদের জন্য ব্যাগ, জুতা, পোশাক ও মধ্যাহ্নভোজের যে ব্যবস্থা তিনি দেখেছিলেন, আজ এই বাজেটে প্রধানমন্ত্রী সেই একই ব্যবস্থা চালু করেছেন। দীর্ঘ ১৮ বছর বিদেশে থাকাকালীন তার যে উন্নত চিন্তা ও চেতনা, তার প্রতিফলন ঘটেছে এই বাজেটে। বাজেটে নিত্যপণ্যের দাম কমানোর প্রশংসা করে তিনি আরও বলেন, চাল, ডাল, আটা, তেল, লবণসহ সব নিত্যপ্রয়োজনীয় পণ্যের কর কমিয়ে সাধারণ মানুষের নাগালের মধ্যে আনা হয়েছে। স্বাস্থ্য খাতে অভাবনীয় সাফল্য এসেছে উল্লেখ করে আমান বলেন, হার্টের রিং পরাতে আগে যেখানে ১ লাখ ১০ হাজার টাকা লাগতো, তা এখন কমিয়ে ৫৫ হাজার টাকা করা হয়েছে। আলোচনা চলাকালীন প্রধানমন্ত্রী তারেক রহমানের মমত্ববোধের একটি স্মৃতিচারণ করেন আমান উল্লাহ আমান। তিনি বলেন, ওয়ান-ইলেভেনের সময় তারা যখন কারাগারে ছিলেন, তখন প্রচণ্ড শীতের এক রাতে এক সেবক পানি নিয়ে আসার সময় শীতে কাঁপছিল। বর্তমান প্রধানমন্ত্রী (তৎকালীন কারাবন্দি) তারেক রহমান তৎক্ষণাৎ নিজের গায়ের জ্যাকেটটি খুলে ওই দরিদ্র ছেলেটিকে পরিয়ে দিয়েছিলেন। যার হৃদয়ে গরীবের জন্য এমন মমতা, তার হাতেই দেশ নিরাপদ। বিগত সরকারের সমালোচনা করে তিনি বলেন, গত ১৭ থেকে ২০ বছর স্বাস্থ্য ও শিক্ষা খাতকে ধ্বংস করা হয়েছে। তার এলাকায় একটি ২০ শয্যার হাসপাতাল করা হলেও গত ১৭ বছরে সেখানে কোনো ডাক্তার নিয়োগ দেওয়া হয়নি, এমনকি বেডগুলোও সরিয়ে নেওয়া হয়েছে। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর পুনরায় স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ শুরু করেছে। কৃষি খাতে বিনামূল্যে বীজ ও সার বিতরণ এবং ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফের সিদ্ধান্তের জন্য অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি। এছাড়া, ১৯৮১ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কর্তৃক খনন করা বুড়িগঙ্গা ও ধলেশ্বরীর সংযোগস্থলের ১৭ কিলোমিটার খালটি পুনরায় সংস্কারের জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন আমান উল্লাহ আমান।