সব সংবাদ
জাতীয়

জুলাই অভ্যুত্থানে হত্যা: সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ ৩ জনের মৃত্যুদণ্ড

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় রামপুরায় পুলিশের গুলিতে এক তরুণসহ দুজন নিহত হওয়ার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছে। একই সঙ্গে চঞ্চল চন্দ্র সরকার নামে এক পুলিশ সদস্যকে ২০ বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।

২০২৪ সালের ১৯ জুলাই ছাত্র-জনতার আন্দোলন চলাকালে ঢাকার রামপুরা এলাকায় পুলিশের গুলিতে তিনজন নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় রোববার (২৮ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর তিন সদস্যের বিচারিক প্যানেল এই রায় ঘোষণা করেন। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে এই প্যানেলে আরও ছিলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, খিলগাঁও জোনের সাবেক এডিসি মো. রাশেদুল ইসলাম এবং রামপুরা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান। এছাড়াও রামপুরা থানার সাবেক এএসআই চঞ্চল চন্দ্র সরকারকে ২০ বছরের এবং সাবেক এসআই তারিকুল ইসলাম ভূঁইয়াকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। মামলার প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, ১৯ জুলাই আন্দোলনকারী আমির হোসেন পুলিশের গুলি থেকে বাঁচতে একটি নির্মাণাধীন ভবনে ওঠেন। পুলিশ তার পিছু ধাওয়া করে এবং ছাদের কার্নিশে ঝুলে থাকা অবস্থায় তার ওপর ছয় রাউন্ড গুলি ছোড়ে, যার ফলে তিনি গুরুতর আহত হন। একই দিন বনশ্রী এলাকায় পুলিশের গুলিতে নাদিম ও মায়া ইসলাম নিহত হন। মামলার চার আসামি পলাতক রয়েছেন।