সব সংবাদ
খেলা

বাংলাদেশের প্রতি ভালোবাসা প্রকাশ করলেন মার্টিনেজ

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ বাংলাদেশের ফুটবল ভক্তদের প্রতি তার ভালোবাসার কথা জানিয়েছেন। জর্ডানকে ৩-১ গোলে হারিয়ে আর্জেন্টিনা নকআউট পর্বে পৌঁছানোর পর তিনি বাংলাদেশ সফরের স্মৃতিচারণ করেন। ২০২২ সালে কাতারে বিশ্বকাপ জেতার এক বছর পর তিনি বাংলাদেশ সফরে এসেছিলেন।

ফুটবল বিশ্বকাপে বাংলাদেশ অংশগ্রহণ না করলেও এই টুর্নামেন্ট নিয়ে বাংলাদেশের ফুটবল ভক্তদের উৎসাহের কমতি নেই। বিশেষ করে লাতিন আমেরিকার দুই শক্তিশালী দল আর্জেন্টিনা ও ব্রাজিলের প্রতি বাংলাদেশি ভক্তদের আবেগ অত্যন্ত প্রবল।

আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে বাংলাদেশি ভক্তরা অন্যতম। ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে তাদের উন্মাদনার খবর সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। গত বিশ্বকাপের সময় আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনিও বাংলাদেশ নিয়ে কথা বলেছিলেন।

এবার বাংলাদেশ নিয়ে নিজের মুগ্ধতার কথা জানালেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। জর্ডানকে ৩-১ গোলে হারিয়ে আর্জেন্টিনা গ্রুপপর্ব থেকে অপরাজেয় থেকে নকআউটে পৌঁছে গেছে। ম্যাচের পর সাংবাদিকরা বাংলাদেশ প্রসঙ্গে জানতে চাইলে তিনি ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মিক্সড জোনে মার্টিনেজ বলেন, 'বাংলাদেশের সমর্থকদের আমি ভালোবাসি। এই দেশটিকে আমি ভালোবাসি। আমি জানি তারা কতটা পাগল আমাদের জন্য। সেখানে যাওয়ার অভিজ্ঞতা থেকে এটা বলতে পারি আমি। আমার মনে হয়, কোনো না কোনোভাবে তারা সবাই আর্জেন্টাইন।'

২০২২ সালে কাতারে বিশ্বকাপ শিরোপা জেতার এক বছর পর সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে এসেছিলেন এমিলিয়ানো মার্টিনেজ। সে সময় সমর্থকদের আর্জেন্টিনা নিয়ে উন্মাদনা স্বচক্ষে দেখার সুযোগ হয়েছিল তার।