সব সংবাদ
আন্তর্জাতিক

ইরানের হুঁশিয়ারি: যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসনে ‘ধ্বংসাত্মক জবাব’ দেওয়া হবে

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) যুক্তরাষ্ট্রের যেকোনো সামরিক পদক্ষেপের বিরুদ্ধে কঠোর প্রতিশ্রুতি দিয়েছে। সাম্প্রতিক পাল্টাপাল্টি হামলার পর এই সতর্কবার্তা এসেছে।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) যুক্তরাষ্ট্রের যেকোনো সামরিক পদক্ষেপের জবাবে ‘চূর্ণবিচূর্ণ করে দেওয়া প্রতিক্রিয়া’ দেখানো হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের সাম্প্রতিক পাল্টাপাল্টি হামলার পর দেওয়া এক বিবৃতিতে এই সতর্কবার্তা দিয়েছে সংস্থাটি।

আইআরজিসি দাবি করেছে, দুই দেশের মধ্যে স্বাক্ষরিত অন্তর্বর্তীকালীন সমঝোতা অনুযায়ী হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ন্ত্রণের দায়িত্ব ইরানের হাতেই রয়েছে। তাই এই নৌপথে চলাচলকারী সব জাহাজকে তেহরানের নির্দেশনা ও নির্ধারিত নিয়ম মেনে চলতে হবে। ভবিষ্যতে কোনো জাহাজ নিয়ম লঙ্ঘন করলে তাদের বিরুদ্ধে আগের চেয়ে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সংস্থাটি সতর্ক করে বলেছে, যেকোনো অজুহাতে শত্রুপক্ষের সম্ভাব্য আগ্রাসন, বিশেষ করে সাম্প্রতিক মার্কিন হামলার মতো ঘটনা, কঠোর এবং ধ্বংসাত্মক জবাবের মুখোমুখি হবে। যুদ্ধবিরতি বা সমঝোতা লঙ্ঘনের যেকোনো ঘটনা দুই দেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের পরিপন্থি হিসেবে বিবেচিত হবে।

এদিকে টানা দ্বিতীয় দিনের মতো ইরানের বিভিন্ন স্থানে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের দাবি, হরমুজ প্রণালিতে একটি বাণিজ্যিক জাহাজে হামলার জবাব হিসেবেই এই অভিযান পরিচালনা করা হয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানিয়েছে, প্রেসিডেন্টের নির্দেশেই এই হামলা চালানো হয়েছে। সেন্টকমের দাবি, অভিযানে ইরানের সামরিক নজরদারি অবকাঠামো, যোগাযোগ ব্যবস্থা, আকাশ প্রতিরক্ষা স্থাপনা, ড্রোন সংরক্ষণাগার এবং সমুদ্রে মাইন পাতা সক্ষমতাকে লক্ষ্যবস্তু করা হয়েছে।