বাউফলে বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ১০, ভাঙচুর ২০ মোটরসাইকেল
পটুয়াখালীর বাউফলে শনিবার রাতে বিএনপির বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন এবং প্রায় ২০টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে।
পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া বন্দর ও দাসপাড়া এলাকায় গত শনিবার রাত সাড়ে ৮টার দিকে একটি সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই রাতে দাসপাড়া ইউনিয়ন বিএনপির নেতৃত্বে আওয়ামীলীগের বিরুদ্ধে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি রিয়াজ মোল্লা মার্কেট এলাকায় পৌঁছালে প্রথমে সার ব্যবসায়ী আবদুল হাই রিপ্পির ওপর হামলার ঘটনা ঘটে। পরবর্তীতে আবদুল হই রিপ্পির নেতৃত্বে একদল লোক দা, লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে মিছিল থেকে ফেরার পথে বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলা চালায়। এতে বিএনপির অন্তত ১০ জন নেতা-কর্মী আহত হন এবং প্রায় ২০টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। আহতদের মধ্যে তিন জনকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বিএনপির নেতাদের অভিযোগ, জামায়াত ও আওয়ামীলীগ মিলে পরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছে। তবে জামায়াতের পক্ষ থেকে এই ঘটনায় সংশ্লিষ্টতা অস্বীকার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।