ঘরের নগদ টাকা ব্যাংকে আনতে ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের প্রস্তাব খোকনের
বিএনপির সংসদ সদস্য এ এম মাহবুব উদ্দিন খোকন ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের প্রস্তাব দিয়েছেন। তিনি মনে করেন, এতে ব্যাংকে তারল্য বাড়বে এবং বাজেট ঘাটতি পূরণে সহায়তা হবে।
নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য এ এম মাহবুব উদ্দিন খোকন রোববার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় এই প্রস্তাব দেন। তিনি বলেন, মানুষের ব্যাংকের প্রতি আস্থা কমে যাওয়ায় অনেকের কাছে ঘরে নগদ টাকা পড়ে আছে। দুই মাসের মধ্যে ওই টাকা ব্যাংকে জমা দিয়ে বৈধ করার সুযোগ দেওয়া উচিত বলে মত দেন তিনি। খোকনের মতে, ব্যাংকের সংখ্যা কমানো উচিত এবং বড় নোট বাতিল করলে মানুষের হাতে থাকা নগদ টাকা ব্যাংকে আসবে। তিনি বলেন, টাকা জমা দিলে যদি ট্যাক্স ফাইলে তা না থাকে, ২০ বা ২৫ শতাংশ ট্যাক্স দিয়ে লিগ্যাল করা যাবে। এতে বাজেটের ঘাটতি পূরণ হবে এবং অর্থনীতি চাঙ্গা হবে বলে তিনি দাবি করেন। পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে এবং দেশে টাকা রাখার নিরাপদ পরিবেশ তৈরি করতে হবে বলেও তিনি আহ্বান জানান।