সব সংবাদ
অন্যান্য

মোটাতাজা করতে গলায় নল দিয়ে পানি খাওয়াতে গিয়ে ছাগল মৃত্যু, আটক ২

নারায়ণগঞ্জের ফতুল্লায় এক পশু ব্যবসায়ী ও তার কর্মচারী ছাগলকে মোটাতাজা দেখানোর জন্য গলায় প্লাস্টিকের নল ঢুকিয়ে অতিরিক্ত পানি খাওয়ানোর সময় একটি ছাগল মারা যাওয়ার ঘটনায় আটক হয়েছে।

নারায়ণগঞ্জের ফতুল্লার সাপ্তাহিক পশুর হাটে ছাগলকে মোটাতাজা ও বেশি ওজনের দেখানোর উদ্দেশ্যে গলায় প্লাস্টিকের নল ঢুকিয়ে অতিরিক্ত পানি খাওয়ানোর সময় একটি ছাগল মারা যাওয়ার ঘটনায় পুলিশ এক পশু ব্যবসায়ী ও তার কর্মচারীকে আটক করেছে। শনিবার রাত সাড়ে ১০টার দিকে বন্দর থানার লাঙ্গলবন্দ এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক দুজন হলেন পশু ব্যবসায়ী সাহাবুদ্দিন (৫৬) ও তার কর্মচারী হাসনাত (২০)। তারা বন্দর থানার লাঙ্গলবন্দ পাঁচ কামতাল গ্রামের বাসিন্দা। পুলিশের জিজ্ঞাসাবাদে সাহাবুদ্দিন জানান, তিনি ও তার কর্মচারী বিভিন্ন জেলা থেকে ছাগল কিনে নারায়ণগঞ্জের বিভিন্ন সাপ্তাহিক পশুর হাটে বিক্রি করেন। ক্রেতাদের কাছে ছাগলকে মোটা-তাজা ও বেশি ওজনের দেখাতে তারা গলায় প্লাস্টিকের নল ঢুকিয়ে বদনা দিয়ে পানি খাওয়াতেন। এতে ছাগলের পেট ফুলে যেত এবং বেশি দামে বিক্রি করা সম্ভব হতো। তিনি দীর্ঘদিন ধরে এভাবে ব্যবসা করে আসছিলেন বলেও স্বীকার করেন। ঘটনার দিন একটি ছাগলকে অতিরিক্ত পানি খাওয়ানোর ফলে সেটি মারা যায়। ফতুল্লা মডেল থানার ওসি মাহবুব আলম জানান, গত ২ জুন ফতুল্লার সাপ্তাহিক পশুর হাটে সাহাবুদ্দিন ও তার কর্মচারী হাসনাত একটি ছাগলের গলায় নল ঢুকিয়ে পানি খাওয়ানোর মাধ্যমে পেট ফুলিয়ে দেওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে ছাগলটি মারা যায়। ঘটনার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে আসে। এরপর পুলিশের একটি দল অভিযুক্তদের শনাক্ত করে অভিযান চালিয়ে তাদের আটক করে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা করা হবে।