সব সংবাদ
শিক্ষা

৩৯১৭ শিক্ষকের ৫১৯ কোটি টাকা অবসর ভাতা পরিশোধের উদ্যোগ

সরকার বিশেষ বরাদ্দের মাধ্যমে ৩ হাজার ৯১৭ জন শিক্ষক-কর্মচারীর ৫১৯ কোটি টাকা অবসর ভাতা পরিশোধের প্রক্রিয়া শুরু করেছে। আগামী জুলাই মাস থেকে এই অর্থ বিতরণ কার্যক্রম শুরু হবে। তবে বর্তমানে ৬৭ হাজার আবেদন এখনো অনিষ্পন্ন রয়েছে।

দীর্ঘদিনের আর্থিক সংকট ও প্রশাসনিক জটিলতার পর সরকার অবশেষে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর সুবিধা পরিশোধে এগিয়ে এসেছে। প্রথম ধাপে ২০২২ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত আবেদনকারী ৩ হাজার ৭৫৭ জন এবং বিশেষ বিবেচনায় মৃত্যুবরণ করা ১৬০ জনসহ মোট ৩ হাজার ৯১৭ জন শিক্ষক-কর্মচারীর ৫১৯ কোটি টাকা পরিশোধ করা হবে।

এই বরাদ্দের আওতায় আসা শিক্ষকরা দীর্ঘদিন ধরে অবসর ভাতার জন্য অপেক্ষায় ছিলেন। অনেকেই বারবার ঢাকায় এসে তাদের ফাইলের অগ্রগতি জানতে চাইছেন। কেউ চিকিৎসার জন্য, কেউ মেয়ের বিয়ের জন্য আর কেউ সংসারের ঋণ পরিশোধের জন্য এই অর্থের অপেক্ষায় আছেন।

তবে বর্তমানে ৬৭ হাজারেরও বেশি আবেদন এখনো অনিষ্পন্ন রয়েছে, যা পরিশোধ করতে প্রয়োজন প্রায় ৭ হাজার ১৭৬ কোটি টাকা। এছাড়া ৯টি বেসরকারি ব্যাংকে গচ্ছিত শিক্ষকদের প্রায় ৭০০ কোটি টাকা আটকে রয়েছে।

গত ১৮ মে শিক্ষা মন্ত্রণালয় ২১ সদস্যবিশিষ্ট নতুন পরিচালনা পরিষদ গঠন করে। নতুন এই পরিষদ আবেদনজট কাটিয়ে উঠতে রোডম্যাপ তৈরি করছে। পাশাপাশি ডিজিটাল সিস্টেমের উন্নয়ন ও তথ্যভাণ্ডার হালনাগাদ করার উদ্যোগ নেওয়া হয়েছে।