সব সংবাদ
আন্তর্জাতিক

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প: ১৪৩০ মৃত্যু, অর্থনৈতিক ক্ষতি ৮.৭ বিলিয়ন ডলার

ভেনেজুয়েলায় শক্তিশালী দুটি ভূমিকম্পে এ পর্যন্ত ১ হাজার ৪৩০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ৫০ হাজারের বেশি মানুষ এখনো নিখোঁজ রয়েছেন। জাতিসংঘের হিসাবে দেশটির অর্থনৈতিক ক্ষতি ৮.৭ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে।

ভেনেজুয়েলায় ভয়াবহ দুটি ভূমিকম্প আঘাত হানার পর ধ্বংসস্তূপ সরিয়ে জীবিতদের উদ্ধারের মরিয়া চেষ্টা অব্যাহত রয়েছে। গত বুধবার রিখটার স্কেলে ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প দেশটির বিভিন্ন এলাকায় আঘাত হানে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উপকূলীয় লা গুয়াইরা অঞ্চল, যেটিকে ইতোমধ্যে দুর্যোগকবলিত এলাকা হিসেবে ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

সরকারি হিসাবে এখন পর্যন্ত ১ হাজার ৪৩০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া ৫১ হাজারের বেশি মানুষ এখনো নিখোঁজ রয়েছেন। ধ্বংসস্তূপের নিচে আরও অনেক মানুষ আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করছেন উদ্ধারকর্মীরা। ভূমিকম্পের পর তিন দিনের বেশি সময় পেরিয়ে গেলেও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। তবে জীবিত উদ্ধারের জন্য গুরুত্বপূর্ণ প্রথম ৭২ ঘণ্টা প্রায় শেষ হয়ে আসায় উদ্বেগ বাড়ছে।

জাতিসংঘের হিসাব অনুযায়ী, এই প্রাকৃতিক দুর্যোগে দেশটির অর্থনৈতিক ক্ষতির পরিমাণ ৪ দশমিক ৭ থেকে ৮ দশমিক ৭ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে। এরই মধ্যে দেশটির আরাগুয়া রাজ্যে ৪ দশমিক ৮ মাত্রার আরেকটি ভূকম্পন অনুভূত হয়েছে। যদিও নতুন এই কম্পনে বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি, তবুও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক আরও বেড়েছে।

শুক্রবার পর্যন্ত অন্তত ৩ হাজার ৩০০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে এবং ২৪৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার তথ্য অনুযায়ী, রাজধানী কারাকাসসহ প্রায় ৬৭ লাখ ৬০ হাজার মানুষ এই দুর্যোগে সরাসরি বা পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন।

উদ্ধারকাজ নির্বিঘ্ন করতে শুক্রবার রাত থেকে লা গুয়াইরা অঞ্চলে প্রবেশে বিধিনিষেধ আরোপ করেছে সরকার। ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দাদের অভিযোগ, সরকারি উদ্ধারকারী দলের উপস্থিতি প্রয়োজনের তুলনায় অনেক কম। যদিও সরকার দাবি করেছে, তারা সর্বোচ্চ সক্ষমতা নিয়ে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে।

ভেনেজুয়েলার ন্যাশনাল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট হোর্হে রদ্রিগেজ বলেছেন, বর্তমান পরিস্থিতিতে প্রতিটি জীবন রক্ষা করা অলৌকিক ঘটনার মতো। অন্যদিকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ জানিয়েছেন, সরকার উদ্ধারকাজে সর্বশক্তি নিয়োগ করেছে এবং আন্তর্জাতিক সহায়তাকে স্বাগত জানিয়েছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার মহাপরিচালক অ্যামি পোপ দ্রুত মানবিক সহায়তা জোরদারের আহ্বান জানিয়েছেন।