সব সংবাদ
জাতীয়

ময়মনসিংহে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মসজিদের ইমাম আটক

ময়মনসিংহের ত্রিশালে একটি পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে এক মসজিদের ইমামকে আটক করেছে পুলিশ। শনিবার দুপুরে ওই ইমামের কাছে কোরান পড়তে যাওয়ার পর শিশুটি নির্ধারিত সময়ে বাড়ি না ফেরায় তার মা মসজিদে গেলে ঘটনা উদ্ঘাটন করেন।

ময়মনসিংহ জেলার ত্রিশাল থানায় একটি শিশু ধর্ষণ মামলা রুজু হয়েছে। থানার ওসি মনসুর আহাম্মদ জানান, শনিবার দুপুর আড়াইটার দিকে ত্রিশালের একটি গ্রামের মসজিদে এই ঘটনা ঘটে।

আটক মাওলানা শাহিনুর ইসলাম (৪৫) টাঙ্গাইল জেলার গোপালপুর থানার মোজাম্মেল হোসেনের ছেলে। তিনি ওই মসজিদের ইমাম হিসেবে কর্মরত ছিলেন। ভুক্তভোগী শিশুটির পরিবার ওই মসজিদ সংলগ্ন এলাকায় একটি বাসায় ভাড়া থাকে।

পুলিশ জানায়, প্রায় তিন মাস ধরে মেয়েটি মসজিদে কোরান পড়তে যাচ্ছিল। শনিবার পড়া শেষ হওয়ার নির্ধারিত সময়েও ছুটি না হওয়ায় শিশুটির মা মেয়েকে আনতে মসজিদে যান। পরে তিনি ইমামকে নগ্ন অবস্থায় দেখতে পেয়ে চিৎকার করেন। এতে স্থানীয়রা এসে ইমামকে মারধর করে জুতার মালা পরিয়ে আটকে রেখে পুলিশকে খবর দেয়।

ভুক্তভোগী শিশুটির মা বলেন, ছুটির সময় পার হলেও মেয়ে বাড়ি না ফেরায় আনতে গিয়ে মসজিদে ইমামের থাকার জায়গায় তাকে আপত্তিকর পরিস্থিতিতে দেখতে পাই। তার নিষ্পাপ মেয়ের সাথে যে হুজুর এই কাজ করেছে আমি তার ফাঁসি চাই।

পুলিশ খবর পেয়ে ইমামকে থানা হেফাজতে নিয়ে আসে এবং তাকে জিজ্ঞাসাবাদ করছে। ভিকটিমের বাবার লিখিত অভিযোগের প্রেক্ষিতে একটি ধর্ষণ মামলা রুজু করা হয়েছে। এছাড়া ভুক্তভোগী শিশুটিকে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরামর্শে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ সার্ভিস সেন্টারে পাঠানো হচ্ছে।