রামপুরার তরুণ গুলি মামলার রায় আজ, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ঘোষণা
জুলাই গণ-অভ্যুত্থানের সময় রামপুরায় নির্মাণাধীন ভবনের কার্নিশে ঝুলন্ত অবস্থায় তরুণ আমির হোসেনসহ চারজনের মৃত্যুর ঘটনায় দায়ের করা বহুল আলোচিত মানবতাবিরোধী অপরাধ মামলার রায় আজ রোববার ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। মামলায় পাঁচজনকে আসামি করা হয়েছে, যাদের মধ্যে চারজন পলাতক।
২০২৪ সালের ১৯ জুলাই গণ-অভ্যুত্থান চলাকালে রাজধানীর রামপুরায় নির্মাণাধীন একটি ভবনের কার্নিশে ঝুলন্ত অবস্থায় তরুণ আমির হোসেনকে লক্ষ্য করে গুলি চালানো হয়। একই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে সাত বছরের শিশু বাসিত খান মুসার মৃত্যু হয় এবং তার দাদি মায়া ইসলাম ও মো. নাদিম নিহত হন। ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। এই ঘটনাকে কেন্দ্র করে দায়ের হওয়া মানবতাবিরোধী অপরাধ মামলার রায় আজ রোববার ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। গত ১৫ জুন বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল রায় ঘোষণার জন্য আজকের দিন ধার্য করেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি শফিউল আলম ও বিচারপতি মোহিতুল হক এনাম চৌধুরী। মামলায় মোট পাঁচজনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে চারজন পলাতক—ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমান, খিলগাঁও অঞ্চলের সাবেক অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. রাশেদুল ইসলাম, রামপুরা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান এবং সাবেক উপপরিদর্শক তারিকুল ইসলাম ভূঁইয়া। অপর আসামি পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক চঞ্চল চন্দ্র সরকার বর্তমানে কারাগারে রয়েছেন। প্রসিকিউশন সূত্র জানিয়েছে, ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে রায় ঘোষণা বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সরাসরি সম্প্রচার করা হবে। চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম পাঁচ আসামির বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে উল্লেখ করে তাদের সর্বোচ্চ শাস্তি কামনা করেছেন। অন্যদিকে, আসামি পক্ষের আইনজীবী সারওয়ার জাহান নিপ্পন দাবি করেন, চঞ্চল চন্দ্র সরকারের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়নি এবং তাকে খালাস দেওয়ার আবেদন জানান। এর আগে গত ৪ মার্চ মামলার রায় ঘোষণার দিন ধার্য থাকলেও প্রসিকিউশনের আবেদনের পর তা স্থগিত করা হয়।