সব সংবাদ
খেলা

৫২ বছরের অপেক্ষা শেষ! প্রথমবার বিশ্বকাপের নকআউটে ডিআর কঙ্গো

উজবেকিস্তানকে ৩-১ গোলে হারিয়ে ইতিহাস গড়েছে ডিআর কঙ্গো। ৫২ বছর পর বিশ্বকাপে ফিরে প্রথমবারের মতো নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে আফ্রিকার দলটি।

বিশ্বকাপে নতুন ইতিহাস লিখল ডিআর কঙ্গো। গ্রুপ পর্বের শেষ ম্যাচে উজবেকিস্তানকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে উঠেছে আফ্রিকার দলটি। এটি তাদের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। ৫২ বছর আগে প্রথমবার বিশ্বকাপে অংশ নিয়েছিল কঙ্গো, এবার সেই প্রত্যাবর্তনের পর তারা আরেকটি রেকর্ড গড়ল।

ম্যাচের শুরুতে কঙ্গো পিছিয়ে পড়েছিল। মাত্র ১০ মিনিটের মধ্যে উজবেকিস্তানের তারকা ফরোয়ার্ড এলদোর শোমুরোদভ দুর্দান্ত এক লব শটে গোল করে দলকে এগিয়ে দেন। কিন্তু দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় কঙ্গো। ৬৮ মিনিটে পেনাল্টি পায় তারা। উজবেক ডিফেন্ডার আবদুকোদির খুসানভ বক্সে ইউয়ান উইসাকে ফাউল করলে রেফারি পেনাল্টি দেন এবং উইসা নিজেই গোল করে সমতা ফেরান।

৭৮ মিনিটে এগিয়ে যায় কঙ্গো। মেশাক এলিয়ার শট ডিফ্লেক্ট হলে সুযোগ কাজে লাগান ফিস্তন মায়েলে। তিনি দ্রুত ফ্লিক করে বল জালে জড়িয়ে দেন। যোগ করা সময়ে আবারও গোল করেন ইউয়ান উইসা। বক্সের কিনারা থেকে তার দারুণ কার্লিং শট জড়িয়ে যায় জালের নিচের কোণে। ফলে ৩-১ ব্যবধানে জয় নিশ্চিত হয়।

এর আগে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ক্রিস্তিয়ানো রোনালদোর পর্তুগালকে ১-১ গোলে রুখে দিয়েছিল ডিআর কঙ্গো। সেই আত্মবিশ্বাস ধরে রেখে এবার নকআউট পর্বে উঠে তারা বিশ্বকাপে নিজেদের ইতিহাসের নতুন অধ্যায় রচনা করল।