সব সংবাদ
খেলা

মেসির জাদুকরী ফ্রি-কিকে শতভাগ সাফল্য, গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা

বিশ্বকাপের ‘জে’ গ্রুপের শেষ ম্যাচে জর্ডানকে ৩-১ গোলে হারিয়ে গ্রুপপর্বে শতভাগ জয় অর্জন করেছে আর্জেন্টিনা। বদলি হিসেবে মাঠে নেমে লিওনেল মেসি দুর্দান্ত ফ্রি-কিকে গোল করে দলের জয় নিশ্চিত করেন।

ডালাস স্টেডিয়ামে অনুষ্ঠিত বিশ্বকাপের ‘জে’ গ্রুপের শেষ ম্যাচে জর্ডানের বিরুদ্ধে মাঠে নামে আর্জেন্টিনা। শুরু থেকেই আধিপত্য বিস্তার করে লিওনেল স্কালোনির দল। ম্যাচের ১৯তম মিনিটে দারুণ এক ফ্রি-কিক থেকে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন জিওভানি লো সেলসো। এরপর ৩১তম মিনিটে ভিএআরের সহায়তায় পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। স্পট-কিক থেকে বিশ্বকাপে নিজের প্রথম গোল করেন লাওতারো মার্তিনেজ।

দ্বিতীয়ার্ধের শুরুতেই আর্জেন্টিনা আরো একটি গোল পেলেও অফসাইডের কারণে সেটি বাতিল হয়। পরে ৫৫তম মিনিটে ডান প্রান্ত থেকে এহসান হাদ্দাদের নিচু ক্রসে বদলি খেলোয়াড় মুসা আল-তামারি গোল করে ব্যবধান কমান। এই গোলের মধ্য দিয়ে চলতি বিশ্বকাপে প্রথমবারের মতো গোল হজম করে আর্জেন্টিনা।

গোল হজমের পাঁচ মিনিট পর, ৬০তম মিনিটে মাঠে নামেন লিওনেল মেসি। বদলি হিসেবে নেমেই আক্রমণে গতি আনেন তিনি। ম্যাচের ৮০তম মিনিটে বক্সের ঠিক বাইরে ফাউলের শিকার হলে ফ্রি-কিক থেকে নিখুঁত বাঁকানো শটে বল জালে পাঠিয়ে দলের জয় নিশ্চিত করেন আর্জেন্টাইন অধিনায়ক।

এটি ছিল চলতি বিশ্বকাপে মেসির ষষ্ঠ গোল এবং বিশ্বকাপ ইতিহাসে তার ১৯তম গোল। পাশাপাশি টানা সাতটি বিশ্বকাপ ম্যাচে গোল করে নতুন এক অনন্য রেকর্ডও গড়েছেন তিনি।

গ্রুপপর্বের তিন ম্যাচেই জয় তুলে নিয়ে পূর্ণ ৯ পয়েন্ট অর্জন করে ‘জে’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে রাউন্ড অব ৩২-এ জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। অন্যদিকে টানা তিন পরাজয়ে বিশ্বকাপ অভিষেক শেষ করেছে জর্ডান।