সব সংবাদ
ফেনী

ফুলগাজীতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: অটোরিকশা-পিকআপ সংঘর্ষে নিহত ৩

ফেনীর ফুলগাজীতে সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে এক মা ও তাঁর মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার রাতে ফেনী-বিলোনিয়া আঞ্চলিক সড়কের ফুলগাজী উপজেলা পরিষদসংলগ্ন পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, ফেনী থেকে যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা ফুলগাজীর দিকে যাচ্ছিল। অটোরিকশাটি পল্লী বিদ্যুৎ অফিসের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালকসহ পাঁচজন গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। অপর তিনজনকে মুমূর্ষু অবস্থায় ফেনী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হলে সেখানে আরও একজন মারা যান। নিহতরা হলেন মোহাম্মদ কাউছার (৩২), ওয়াহিদা আক্তার (২০) এবং তাঁর মা জাকিয়া আক্তার (৪০)। পুলিশ দুর্ঘটনাকবলিত উভয় গাড়ি উদ্ধার করেছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।