ত্রিপুরায় আটক বাংলাদেশি হিন্দু দম্পতি: ভারতে স্থায়ী হতে মিথ্যা 'হুমকি' বয়ান
ভারতের ত্রিপুরা থেকে বাংলাদেশি এক হিন্দু দম্পতিকে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তারা দাবি করেছিল বাংলাদেশে 'হুমকিতে' থাকার কারণে ভারতে আশ্রয় নিয়েছিল, কিন্তু পরে স্বীকার করে যে এটি ছিল দীর্ঘদিনের পরিকল্পিত পরিকল্পনা।
ভারতের ত্রিপুরা পুলিশ বাংলাদেশের এক হিন্দু দম্পতিকে অবৈধ সীমান্ত অনুপ্রবেশের অভিযোগে গ্রেফতার করেছে। গত শুক্রবার রাতে দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজারের দেবদারু এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে চট্টগ্রামের বাসিন্দা শান্তনু দেবনাথ ও তাঁর স্ত্রীকে আটক করা হয়। পুলিশ জিজ্ঞাসাবাদে তারা কোনো বৈধ পাসপোর্ট বা ভিসা দেখাতে ব্যর্থ হন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শান্তনু দাবি করেন, বাংলাদেশে তারা 'চরম প্রতিকূল পরিস্থিতির' মুখোমুখি হচ্ছিলেন এবং সেই 'হুমকি' থেকে বাঁচতেই ভারতে এসে আশ্রয় নেওয়ার সিদ্ধান্ত নেন। তবে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি স্বীকার করেন যে, এটি ছিল তাঁর দীর্ঘদিনের সুপরিকল্পিত পরিকল্পনা এবং অতীতে কলেজের ট্যুরে খাগড়াছড়ির মাটিরাঙ্গা সীমান্ত এলাকা ঘুরে গিয়ে তিনি অবৈধ সীমান্ত পার হওয়ার রুটের সন্ধান পেয়েছিলেন। তল্লাশিতে তাদের ব্যাগ থেকে দুটি মোবাইল ফোন এবং দুটি বাংলাদেশি সিম কার্ড উদ্ধার করা হয়েছে। ভারতীয় পুলিশ তাদের রিমান্ডে নিয়ে এই অবৈধ অনুপ্রবেশের পেছনে কোনো চক্র বা দালাল চক্র জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে।