সব সংবাদ
অন্যান্য

জমি নিয়ে বিরোধ: চাচার লাঠির আঘাতে ঢাকার শ্রমিক নিহত

লালমনিরহাটের হাতীবান্ধায় জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচা ও চাচাতো ভাইয়ের হামলায় এক যুবক নিহত হয়েছেন। হামলায় তার মা ও ভাইসহ আরও তিনজন আহত হয়েছেন।

লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় জমি নিয়ে বিরোধের কারণে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত আব্দুল জলিল (৩৫) ঢাকার একটি পোশাক কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন। তার সঙ্গে চাচা আব্দুর রাজ্জাক, আশরাফ আলী ও চাচাতো ভাই সাদ্দাম হোসেনের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলআসছিল। বিষয়টি একাধিকবার স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা করা হলেও কোনো সমাধান হয়নি। সম্প্রতি জলিল ঢাকা থেকে বাড়ি ফিরলে উভয়পক্ষের মধ্যে বিরোধ আবার তীব্র হয়ে ওঠে। শনিবার দুপুরে জমির সীমানা ও মালিকানা নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়ে। এ সময় আব্দুর রাজ্জাক ও সাদ্দাম হোসেনসহ কয়েকজন দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে জলিল ও তার পরিবারের ওপর হামলা চালায়। লাঠির আঘাতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মাটিতে পড়ে যান জলিল। তাকে রক্ষা করতে এগিয়ে গেলে তার মা, ভাইসহ আরও তিনজন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জলিলকে মৃত ঘোষণা করেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। অভিযুক্তরা এখন আত্মগোপনে রয়েছে এবং তাদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে।