সংসদে দুটি নতুন বিল: মাদক ট্রাইব্যুনাল গঠন ও সাইবার জুয়া নিয়ন্ত্রণ
জাতীয় সংসদে মাদক মামলার দ্রুত বিচারের জন্য পৃথক ট্রাইব্যুনাল গঠন এবং সাইবার স্পেসে জুয়া বন্ধে নতুন আইন প্রণয়নের উদ্যোগ নিয়ে দুটি পৃথক বিল উত্থাপন করা হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম শনিবার সংসদে এই দুটি বিল উত্থাপন করেন। প্রথম বিলটি হলো ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ (সংশোধন) আইন, ২০২৬’। এই বিলের মাধ্যমে মাদক সংক্রান্ত মামলার দ্রুত বিচার নিশ্চিত করতে দেশের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় পৃথক ‘মাদকদ্রব্য অপরাধ দমন ট্রাইব্যুনাল’ প্রতিষ্ঠার বিধান রাখা হয়েছে। এছাড়া সাইবার স্পেসে মাদক অপরাধ দমনে প্রযুক্তি নির্ভর নতুন বিধান, সীমান্ত এলাকায় মাদক পাচার রোধে অভিযান পরিচালনা এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জন্য আগ্নেয়াস্ত্রের প্রাধিকার ও ডগ স্কোয়াড গঠনের বিধানও এই বিলে যুক্ত করা হয়েছে।
দ্বিতীয় বিলটি হলো ‘সাইবার নিরাপত্তা (সংশোধন) আইন, ২০২৬’। এই বিলে বিদ্যমান সাইবার নিরাপত্তা আইনের ধারা-২০ বিলুপ্ত করার প্রস্তাব করা হয়েছে। আগে এই ধারায় সাইবার স্পেসে জুয়া খেলার বিষয়ে অপরাধ ও দণ্ডের বিধান ছিল। এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ নামে একটি সুনির্দিষ্ট ও বিস্তারিত আইন প্রণয়নের উদ্যোগ নেওয়ায় সাইবার নিরাপত্তা আইন থেকে জুয়া সংক্রান্ত এই ধারাটি বাদ দেওয়া হচ্ছে।