প্রবাসীর স্ত্রীর বটি দিয়ে কুপিয়ে হত্যা, ধর্ষণ চেষ্টার অভিযোগ
কুমিল্লার লালমাইয়ে সৌদি প্রবাসীর স্ত্রী তার বাড়িতে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে। নিহত যুবকের সঙ্গে ওই নারীর পরকীয়ার সম্পর্ক ছিল বলে জানা গেছে। ঘটনার পর নারী নিজেই পুলিশে ফোন করে জানান।
কুমিল্লার লালমাই থানার এলাকায় শনিবার দুপুরে ভয়াবহ এক ঘটনা ঘটেছে। উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের দত্তপুর গ্রামের সৌদি আরব প্রবাসী রাসেলের স্ত্রী ঝুমুর আক্তার (৩৫) তার ঘরে এক যুবককে বটি দিয়ে কুপিয়ে হত্যা করেছেন। নিহত ব্যক্তির নাম এনায়েত হোসেন বাহার (৩৮), যিনি একই গ্রামের আবদুর রশিদের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাহারের সঙ্গে ঝুমুর আক্তারের দীর্ঘদিন ধরে পরকীয়ার সম্পর্ক চলছিল। সম্প্রতি বিষয়টি জানাজানি হলে প্রবাসী রাসেল তার স্ত্রীকে চাপ দেয়। এতে ঝুমুর বাহারের কাছ থেকে দূরত্ব বজায় রাখতে শুরু করে। এরই মধ্যে এক সপ্তাহ আগে রাসেল আবারও সৌদি আরবে চলে যান।
শনিবার সকালে বাহার জোরপূর্বক ঝুমুরের ঘরে প্রবেশ করে এবং তাকে ধর্ষণের চেষ্টা করে। এসময় ক্ষুব্ধ হয়ে ঝুমুর ঘরে থাকা বটি দিয়ে বাহারের মাথা ও ঘাড়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে হত্যা করে। ঘটনার পর নারী নিজেই ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশে খবর দেয়।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাহারের মৃতদেহ উদ্ধার করে এবং ঝুমুর আক্তারকে গ্রেফতার করে। ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
অভিযুক্ত ঝুমুর আক্তার পুলিশকে জানিয়েছে, তার স্বামী প্রবাসে থাকায় বাহার প্রায়ই তাকে উত্ত্যক্ত করত। এ বিষয়ে সে র্যাবেও অভিযোগ করেছিল, কিন্তু উত্ত্যক্ত করা বন্ধ হয়নি। ধর্ষণের চেষ্টার সময় সে বাঁচার জন্য বটি দিয়ে কুপিয়ে হত্যা করেছে।
তবে নিহত বাহারের পরিবারের দাবি, তাকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে। তারা সুষ্ঠু তদন্ত ও বিচার চান। লালমাই থানার ওসি মোহাম্মদ নুরুজ্জামান বিষয়টি তদন্ত করছেন বলে জানিয়েছেন।