সব সংবাদ
রাজনীতি

বাউফলে বিএনপি মিছিলে হামলা: ১০ নেতাকর্মী আহত

পটুয়াখালীর বাউফলে বিএনপির একটি মিছিলে ছাত্রলীগ ও যুবলীগের সদস্যদের হামলার অভিযোগ উঠেছে। এই ঘটনায় দলটির অন্তত ১০ নেতাকর্মী আহত হয়েছেন এবং প্রায় ৩০টি মোটরসাইকেল ভাংচুর করা হয়েছে।

পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় শনিবার রাতে বিএনপির একটি মিছিলে হামলার ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় বাংলাবাজার এলাকা থেকে মোটরসাইকেলে করে শতাধিক নেতাকর্মী মিছিল বের করেন। মিছিলটি দাসপাড়া বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে হামলার শিকার হন।

এতে বিএনপি ও সহযোগী সংগঠনের ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন। আহতদের মধ্যে দাসপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুন (৪৫), যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুদ (৩৫), শ্রমিকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাওসার (৪২) এবং ছাত্রদলের সহসভাপতি রাসেল (৩০) রয়েছেন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় বিএনপি নেতার অভিযোগ, হামলাকারীরা স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মী। তারা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে এই হামলা চালায়। এসময় প্রায় ৩০টি মোটরসাইকেল ভাংচুর করা হয়।

বাউফল থানার ওসি সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।