নারায়ণগঞ্জ আদালত চত্বর থেকে চুরি হওয়া গাড়ি উদ্ধার, গ্রেপ্তার ৩
নারায়ণগঞ্জে আদালত চত্বর থেকে চুরি হওয়া একটি প্রাইভেটকার উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় একটি সংঘবদ্ধ গাড়ি চোরচক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ তাদের কাছ থেকে মোট তিনটি চোরাই গাড়ি উদ্ধার করেছে।
নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সি শনিবার দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গত ২২ জুন মোহাম্মদ আরিফ নতুন জজ কোর্ট সংলগ্ন পার্কিংয়ে তার ২০০৬ মডেলের টয়োটা এক্স করোলা গাড়িটি রেখে নাস্তা করতে যান। ফিরে এসে গাড়িটি না পেয়ে তিনি ফতুল্লা মডেল থানায় চুরির মামলা করেন। পুলিশ গত বৃহস্পতিবার রাতে ফতুল্লার দেলপাড়া চিতাশাল এলাকা থেকে মুক্তার হোসেন (৪৮) কে গ্রেপ্তার করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে কুমিল্লার নাঙ্গলকোট থেকে মো. মোমিনুর রহমান ওরফে লিটন (৪২) ও আলাউদ্দিন (৩৬) কে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে চুরি হওয়া একটি গাড়িসহ মোট তিনটি চোরাই গাড়ি উদ্ধার করা হয়। পুলিশ সুপার জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে একাধিক চুরি ও মাদক মামলা রয়েছে। তারা একটি সংঘবদ্ধ গাড়ি চোরচক্রের সদস্য, যারা বিভিন্ন এলাকা থেকে গাড়ি চুরি করে অন্য জেলায় নিয়ে বিক্রি করত। চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।