ফেনীতে পিকআপ-সিএনজি অটো সংঘর্ষে মা-মেয়েসহ ৩ জনের মৃত্যু
ফেনীর ফুলগাজীতে পিকআপ ভ্যান ও যাত্রীবাহী সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক মা ও তার মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। এছাড়া শুক্রবার চট্টগ্রামের লোহাগাড়া ও সীতাকুণ্ডে আলাদা দুর্ঘটনায় আরো দুজন মারা গেছেন।
ফেনীর ফুলগাজীতে শনিবার ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। ফেনী-পরশুরাম আঞ্চলিক সড়কের ফুলগাজী পল্লী বিদ্যুৎ অফিসের সামনে মুরগী বোঝাই একটি পিকআপ ভ্যান ও যাত্রীবাহী একটি সিএনজি অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন এবং হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়। নিহতরা হলেন ফুলগাজী সদর ইউনিয়নের আবুল কালামের ছেলে মোহাম্মদ কাউছার (২৭), একই উপজেলার দক্ষিণ আনন্দপুর গ্রামের নুরের ছফার স্ত্রী জাকিয়া আক্তার (৩৫) এবং তার মেয়ে ওয়াহিদা আক্তার জুহা (২০)। এ সময় আরও দুইজন আহত হন। আহতদের ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, পরশুরাম থেকে ফেনীগামী সিএনজি অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা মুরগিবোঝাই পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এদিকে, শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রামের লোহাগাড়ার আসিরাবাদ পুরাতন বিওসি এলাকায় মোটরসাইকেল থেকে ছিটকে গিয়ে আরোহী আবু হেনা রুবেল (৩২) নিহত হন। রাত ৯টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ দুর্ঘটনায় তার দুই ভাইও আহত হন। এছাড়া, শুক্রবারই চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের মাদামবিবিরহাট এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেলচালক মো. মহিউদ্দিন (৪২) নিহত হয়েছেন। তিনি ভাটিয়ারী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি ছিলেন। মহিউদ্দিনকে প্রথমে স্থানীয় বিএসবিএ হাসপাতালে এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।