সব সংবাদ
জাতীয়

কাজী মাওলানা ইউসুফ চৌধুরীর গ্রেফতারের প্রতিবাদে কাজী সমিতির কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

বাংলাদেশ মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার সমিতির নেতা ও চট্টগ্রাম সিটি করপোরেশনের নিকাহ্ রেজিস্ট্রার কাজী মাওলানা মো. ইউসুফ চৌধুরীকে একটি মতবিনিময় সভা শেষে পুলিশ অন্যায়ভাবে গ্রেফতার করেছে। সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ তার অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবি করেছেন।

বাংলাদেশ মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কেন্দ্রীয় সমিতির সহসভাপতি ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের ২৪নং ওয়ার্ডের নিকাহ্ রেজিস্ট্রার কাজী মাওলানা মো. ইউসুফ চৌধুরীকে বিনা কারণে আটক ও জেলহাজতে পাঠানোর তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার সমিতি। গত ২০ জুন চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে নিকাহ্ রেজিস্ট্রারদের একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সভাস্থল থেকে পুলিশ কোনো কারণ ছাড়াই তাকে আটক করে জেলহাজতে পাঠায়। সমিতির কেন্দ্রীয় সভাপতি কাজী শাহ মো. নেছারুল হক, নির্বাহী সভাপতি কাজী মো. ইকবাল হোসেন ও মহাসচিব কাজী মো. সেলিম রেজা যৌথ বিবৃতিতে এই গ্রেফতারের তীব্র নিন্দা করে অবিলম্বে তার নিঃশর্ত মুক্তি দাবি করেছেন। নেতৃবৃন্দ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, অনতিবিলম্বে তাকে মুক্তি না দেওয়া হলে দেশের সব নিকাহ্ রেজিস্ট্রারদের নিয়ে কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে সংগঠন।