হামে আরও ৬ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৭০৮
গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ছয় শিশু মারা গেছে। এ পর্যন্ত দেশে মোট ৭০৮ শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এক লাখেরও বেশি শিশু হামে আক্রান্ত হয়েছে।
হামের প্রকোপ থামছে না। গত শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ৭৮৯ শিশু, যার মধ্যে ৪৫ জনের শরীরে হাম শনাক্ত করা হয়েছে। মৃত্যুর মধ্যে চারজন ময়মনসিংহে এবং দুইজন ঢাকা ও খুলনায় মারা গেছে। স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদন অনুযায়ী, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গে ৬১৫ জন এবং হাম শনাক্ত হয়ে ৯৩ জন শিশু মারা গেছে। মোট মৃত্যু এখন ৭০৮। একই সময়ে ৯৮ হাজার ২৬৬ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে এবং ১১ হাজার ৫৯৪ শিশুর হাম শনাক্ত হয়েছে। মোট আক্রান্ত শিশু এক লাখ ৯ হাজার ৮৬০ জন, যাদের মধ্যে ৭৮ হাজার ২৮৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। হাসপাতালে ভর্তি হয়েছিল ২২ হাজার ৪৪২ শিশু, যাদের মধ্যে ১৯ হাজার ১৮ জন ছাড়া পেয়েছে।