প্রেমিকার সঙ্গে ঝগড়ার পর প্রবাসী যুবকের আত্মহত্যা
ফেনীর সোনাগাজী থেকে মালদ্বীপে গৃহকর্মী হিসেবে কাজ করতে যাওয়া ১৯ বছরের যুবক মেজবাহ উদ্দিন প্রেমিকার সঙ্গে মোবাইলে ঝগড়ার পর গত ২৫ জুন রাতে আত্মহত্যা করেছেন। তার লাশ এখন মালদ্বীপের একটি হাসপাতালের হিমঘরে রয়েছে।
ফেনী জেলার সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নের মহদিয়া গ্রামের মজিবুল হকের ছেলে মেজবাহ উদ্দিন (১৯) চলতি বছরের ফেব্রুয়ারি মাসে জীবিকার তাগিদে মালদ্বীপে যান। সেখানে লেমন গ্রাস চিত্রন নামের একটি রেস্টুরেন্টে শ্রমিকের কাজ করতেন তিনি। গত কয়েকদিন আগে তার বাংলাদেশি প্রেমিকার সঙ্গে মোবাইলে ঝগড়া হয়। এরপর গত ২৫ জুন রাত ৮টায় ইমো মেসেঞ্জারে বিদায় লিখে নিজের বাসায় সিলিংফ্যানের সঙ্গে ফাঁসি দিয়ে আত্মহত্যা করেন। তিনি তিন ভাইয়ের মধ্যে দ্বিতীয় ছিলেন। নিহতের স্বজনরা জানিয়েছেন, মালদ্বীপের বাংলাদেশ দূতাবাসে লাশ দেশে আনার বিষয়ে জানানো হয়েছে এবং তার লাশ সেখানকার একটি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। এলাকায় এই মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে।