পুরান ঢাকায় তাজিয়া মিছিলে ছুরিকাঘাতে যুবক নিহত, ৪ জন গ্রেপ্তার
পুরান ঢাকার বাংলাবাজার এলাকায় তাজিয়া মিছিল চলাকালীন বাকবিতণ্ডার জেরে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় পুলিশ ৪ জনকে গ্রেপ্তার করেছে। নিহত জাকির হোসেন (৩১) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মী ছিলেন।
রাজধানীর পুরান ঢাকার বাংলাবাজার এলাকায় তাজিয়া মিছিলে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার বিকেল পৌনে ৫টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মো. জাকির হোসেন (৩১) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডে পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করতেন বলে জানিয়েছে পুলিশ।
ডিএমপির মিডিয়া বিভাগের অতিরিক্ত উপকমিশনার নিয়াজ মেহেদীর সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মিছিল চলাকালে ডুলির রশি ধরাকে কেন্দ্র করে বাকবিতণ্ডার জেরে ওই যুবককে ছুরিকাঘাত করা হয়। এ ঘটনায় জাকিরের বড় ভাই সূত্রাপুর থানায় হত্যা মামলা করেছেন।
পুলিশ ঘটনার পরপরই সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে অপরাধীদের পরিচয় শনাক্ত করে। এরপর রাত ১টা থেকে শনিবার সকাল ৭টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে মো. রাশেদ (২০) ছাড়া অপর তিনজন শিশু। তাদের কাছ থেকে সুইচ গিয়ার চাকু ও একটি চাপাতি জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, তাজিয়া মিছিলে ডুলির রশি ধরাকে কেন্দ্র করে রাশেদ ও জাকিরের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতি হয়। মিছিলটি বাংলাবাজার পার হওয়ার সময় পি কে রায় রোডের ইস্পাহানি ভবনের নিচে জাকিরকে একাধিক ছুরিকাঘাত করা হয়। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।