সব সংবাদ
জাতীয়

রংপুরে নকল ব্যান্ডরোলযুক্ত ৩৪ হাজার প্যাকেট বিড়ি জব্দ, গ্রেপ্তার ২

রংপুর মহানগর পুলিশ হারাগাছ থানার ঠাকুরদাস বাংলাবাজার এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৬ লাখ ৮০ হাজার টাকা মূল্যের নকল ব্যান্ডরোলযুক্ত ১ নম্বর হালিম বিড়ি জব্দ করেছে। এসময় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং প্রায় ৩ লাখ ২ হাজার ৯৪০ টাকা রাজস্ব ফাঁকির প্রমাণ পাওয়া গেছে।

রংপুর মহানগরে পুলিশের বিশেষ অভিযানে প্রায় ৬ লাখ ৮০ হাজার টাকা মূল্যের নকল ব্যান্ডরোলযুক্ত ৩৪ হাজার প্যাকেট ১ নম্বর হালিম বিড়ি জব্দ করা হয়েছে। এই অভিযানে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার রাতে হারাগাছ থানার ঠাকুরদাস বাংলাবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করে রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি)। জব্দ ৩৪ হাজার প্যাকেটে প্রায় ৮ লাখ ৫০ হাজার শলাকা বিড়ি রয়েছে। এছাড়া ৩৪ হাজার নকল ব্যান্ডরোলও জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন হারাগাছ থানার সারাই জুম্মাপাড়া এলাকার শহিদুল ইসলাম (৪৮) এবং চেয়ারম্যানটারী এলাকার কামাল হোসেন (৫২)। প্রাথমিক তদন্তে আরও দুজনের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় প্রায় ৩ লাখ ২ হাজার ৯৪০ টাকা রাজস্ব ফাঁকির প্রমাণ পাওয়া গেছে। আরপিএমপি কমিশনার মোহাম্মদ আব্দুল মাবুদ জানান, গ্রেপ্তার দুজনকে আদালতে পাঠানো হয়েছে এবং রাজস্ব ফাঁকি প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।