কিশোরগঞ্জের পাগলা মসজিদে রেকর্ড দান: সাড়ে ১৫ কোটি টাকা
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে এবার রেকর্ড ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা পাওয়া গেছে। প্রায় সাড়ে ১৩ ঘণ্টা গণনার পর এই অভাবনীয় পরিমাণ অর্থ উদ্ধার করা হয়।
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদে এবার রেকর্ড পরিমাণ টাকা উদ্ধার করা হয়েছে। শনিবার সকাল ৭টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত প্রায় সাড়ে ১৩ ঘণ্টা ধরে গণনা শেষে ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা পাওয়া যায়। এই অর্থ গণনায় অংশ নেন রূপালী ব্যাংকের ১৩০ জন কর্মী, দুই মাদ্রাসার প্রায় সাড়ে ৩০০ শিক্ষার্থী এবং আইনশৃঙ্খলা বাহিনী ও সেনাবাহিনীর সদস্যরা। জেলা প্রশাসক সোহানা নাসরিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. এরশাদুল আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এই গণনা প্রক্রিয়া পরিচালনা করেন। ৬ মাস আগে একই মসজিদের ১৩টি দানবাক্সে প্রায় ১১ কোটি সাড়ে ৭৮ লাখ টাকা পাওয়া গিয়েছিল। পাগলা মসজিদে প্রতি ৪-৬ মাস পর পর দানবাক্স খোলা হয় এবং দেশের দূর-দূরান্ত থেকে ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষ দান করতে আসেন। এবারের দানবাক্সে বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকারও পাওয়া গেছে। জেলা প্রশাসক জানান, এই টাকা মসজিদ ও ইসলামী কমপ্লেক্সের খরচ চালানোর পর ব্যাংকে জমা রাখা হয় এবং বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও এতিমখানায় অনুদান দেওয়া হয়।