অভিনেত্রী ইয়ামিন হক ববির স্বামী গ্রেফতার? খবরটি ভুয়া বলে দাবি অভিনেত্রীর
ঢালিউড অভিনেত্রী ইয়ামিন হক ববি ব্যবসায়ী মির্জা আবুল বাশারের সঙ্গে তাঁর বিয়ের খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট বলে দাবি করেছেন। গুলশান থানা পুলিশ প্রতারণার অভিযোগে ওই ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
ব্যবসায়ী মির্জা আবুল বাশারকে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ। চাকরি দেওয়া, ব্যবসায় বিনিয়োগ, গাড়ি কেনাবেচা এবং কুরবানির গরু কেনার নামে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (২০ জুন) ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে গুলশান বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার আল আমিন হোসাইন এ তথ্য জানান। এই প্রতারণার খবর প্রকাশ্যে আসার পর কয়েকটি গণমাধ্যম দাবি করে— গ্রেফতার মির্জা আবুল বাশার অভিনেত্রী ইয়ামিন হক ববির স্বামী। এর প্রেক্ষিতে রাতে ফেসবুকে এক বিবৃতির মাধ্যমে এ গুঞ্জন পুরোপুরি নাকচ করে দেন অভিনেত্রী ববি। তিনি লিখেছেন, বাশারের সঙ্গে জড়িয়ে কথিত স্ত্রী বা স্ত্রী শিরোনামে যে খবর প্রকাশ হয়েছে, তা সম্পূর্ণ বানোয়াট ও ভিত্তিহীন। তিনি আরও বলেন, ভিউ বাণিজ্য ও তাঁর সম্মানহানি করতেই একটি কুচক্রী মহল এ কাজ করছে। তবে দেশের গণমাধ্যম ও সাংবাদিকদের প্রতি তাঁর আস্থা রয়েছে এবং ভুয়া খবর ছড়ানো গণমাধ্যমের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবেন বলেও জানান তিনি। উল্লেখ্য, অভিনেত্রী ইয়ামিন হক ববিকে সবশেষ বড়পর্দায় দেখা গেছে গত ঈদে 'তছনছ' সিনেমায়, যেখানে তাঁর বিপরীতে জুটি হয়ে কাজ করেন অভিনেতা মুন্না খান।