সব সংবাদ
শিক্ষা

শিক্ষামন্ত্রী বুয়েটে ‘আবরার ফাহাদ’ নামে নতুন হল নির্মাণে প্রধানমন্ত্রীকে অনুরোধ করবেন

শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে বলেছেন, তারা বুয়েটে ‘আবরার ফাহাদ’ নামে একটি নতুন ছাত্র হল নির্মাণ করার জন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ করবেন। এছাড়া শিক্ষা খাতের বরাদ্দ জিডিপির ২ শতাংশ থেকে বাড়িয়ে ৫ শতাংশে উন্নীত করার প্রতিশ্রুতি দেন তিনি।

শনিবার (২৭ জুন ২০২৬) বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। অনুষ্ঠানে কেন্দ্রীয় অডিটরিয়ামে বুয়েট উপাচার্য অধ্যাপক ড. একরামুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল হাসিব চৌধুরী।

শিক্ষামন্ত্রী বলেন, বিগত সরকারের আমলে শিক্ষা খাতে নামমাত্র বরাদ্দ দেওয়া হলেও বর্তমান সরকার সর্বোচ্চ বাজেট দিয়েছে। শিক্ষা খাতের বরাদ্দকে জিডিপির বর্তমান ২ শতাংশ থেকে ক্রমান্বয়ে ৫ শতাংশে উন্নীত করার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, সরকার বাজেট বাড়াতে প্রস্তুত, তবে শর্ত হলো টাকার প্রতিটি পয়সা সততার সাথে কাজে লাগাতে হবে। কোনো ধরনের অপচয় বরদাশত করা হবে না।

তিনি আরও বলেন, যারা মেধার প্রতিযোগিতা দিয়ে উচ্চশিক্ষায় আসছে, তাদের থাকার ন্যূনতম আবাসন বা হলের জায়গা দিতে না পারলে বড় বাজেটের কোনো অর্থ থাকে না। এই মেধাকে তার সঠিক জায়গায় নিয়ে যেতে চাই।

মন্ত্রী জানান, বুয়েটের পূর্বাচল ক্যাম্পাসের জন্য বরাদ্দকৃত জমির যে বকেয়া কিস্তির টাকা রয়েছে, সরকার নিজস্ব তহবিল থেকে এককালীন পরিশোধ করে দেবে। বুয়েটকে কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠানের মতো নিজে আয় করে জমি কেনার চিন্তা করতে হবে না, রাষ্ট্র তার একাডেমিক প্রসারে পাশে থাকবে। একই সঙ্গে বিশ্বের নামী বিশ্ববিদ্যালয়গুলোর মতো বুয়েটেও আন্তর্জাতিক ও দেশীয় ‘অ্যালামনাই কন্ট্রিবিউশন ফান্ড’ গঠনের তাগিদ দেন তিনি।

বুয়েটের আবাসন সংকট নিরসনে এবং ২০১৯ সালে নিহত বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদের স্মৃতিকে স্মরণীয় করে রাখতে মন্ত্রী ঘোষণা করেন, ‘বুয়েটের মেধাবী ছাত্ররা যেন নষ্ট না হয় এবং যে নির্মম স্মৃতি বুয়েটের পাতা থেকে কোনোদিন মুছে যাবে না, সেই স্মৃতি ধরে রাখার জন্য আমরা বুয়েটে ‘আবরার ফাহাদ’ নামে একটি নতুন ছাত্র হল নির্মাণ করার জন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ করব।’ প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এই হল সুনিশ্চিত করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।