ফ্যামিলি কার্ড গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করছে: সংসদে তথ্য প্রতিমন্ত্রী
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটকে দীর্ঘমেয়াদি পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন। বাজেটে অন্তর্ভুক্ত ফ্যামিলি কার্ড কর্মসূচির মাধ্যমে প্রতি পরিবারকে ২ হাজার ৫০০ টাকা প্রদান গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করার কার্যকর উদ্যোগ বলে তিনি জানান।
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, প্রস্তাবিত জাতীয় বাজেট কোনো স্বল্পমেয়াদি বা জোড়াতালির বাজেট নয়, বরং বাংলাদেশকে আত্মনির্ভরশীল ও নিজের পায়ে দাঁড় করানোর একটি সুদূরপ্রসারী ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ। জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বাজেটে অন্তর্ভুক্ত 'ফ্যামিলি কার্ড' কর্মসূচির মাধ্যমে প্রতি পরিবারকে ২ হাজার ৫০০ টাকা প্রদান শুধু আর্থিক সহায়তা নয়, বরং গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করার একটি কার্যকর উদ্যোগ। এ অর্থ প্রান্তিক মানুষের ক্রয়ক্ষমতা বাড়ানোর পাশাপাশি গ্রামের মুদি দোকান, কাঁচাবাজার, ওষুধের দোকানসহ ক্ষুদ্র ব্যবসা-বাণিজ্যে ইতিবাচক প্রভাব ফেলছে এবং শহর-গ্রামের অর্থনৈতিক বৈষম্য কমাতেও সহায়ক ভূমিকা রাখছে।
ইয়াসের খান চৌধুরী আরও বলেন, ডিজিটাল যুগে গুজব ও অপপ্রচার সমাজে অস্থিরতা সৃষ্টির অন্যতম মাধ্যম হয়ে উঠেছে। এ প্রেক্ষাপটে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ফ্যাক্ট-চেকিং ব্যবস্থা আরও জোরদার করা এবং গণসচেতনতা বৃদ্ধিমূলক কর্মসূচি বাস্তবায়নে কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, নতুন প্রজন্মের মধ্যে মানবিক মূল্যবোধ, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও জীবনপ্রেম জাগ্রত করতে মন্ত্রণালয় বিভিন্ন শর্ট ফিল্ম, সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক রিল এবং বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়ন করছে। এছাড়া সাধারণ মানুষের বিনোদনের অধিকার নিশ্চিত করতে বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে বিনামূল্যে ফুটবল বিশ্বকাপ সম্প্রচারের ব্যবস্থা করা হয়েছে।
প্রতিমন্ত্রী স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানান। তিনি তার নির্বাচনী এলাকা নান্দাইলের ভোটারদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।