সব সংবাদ
প্রযুক্তি

রুক্মিণী বসন্তের বিকৃত ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়ানোর অভিযোগে তিনজন গ্রেফতার

কন্নড় অভিনেত্রী রুক্মিণী বসন্তের অনুমতি ছাড়া এআই-জেনারেটেড বিকৃত ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার অভিযোগে বেঙ্গালুরু সাইবার ক্রাইম পুলিশ তিন ব্যক্তিকে গ্রেফতার করেছে। পুলিশ তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন জব্দ করেছে।

ভারতের কন্নড় ইন্ডাস্ট্রির তারকা রুক্মিণী বসন্তকে নিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এ তৈরি ভুয়া কনটেন্ট সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার অভিযোগে বেঙ্গালুরু সাইবার ক্রাইম পুলিশ তিন ব্যক্তিকে গ্রেফতার করেছে। রুক্মিণী তাঁর বিকৃত ছবি ও ভিডিও অনলাইনে ছড়িয়ে যাওয়ার পর এই অভিযোগ দায়ের করেন।

অভিনেত্রী রুক্মিণী ‘সপ্ত সাগরাদাঁচে এল্লো’ এবং ‘কান্তারা: চ্যাপ্টার ১’-এর মতো সিনেমার জন্য পরিচিত। সামাজিক মাধ্যমে নিজের আপত্তিকর এআই-জেনারেটেড ছবি দেখতে পেয়ে তিনি কর্তৃপক্ষের কাছে অভিযোগ দায়ের করেন।

ভুয়া কনটেন্টগুলো একটি সিনেমার শুটিংয়ের দৃশ্য বলে মিথ্যা দাবি করা হয়েছিল। রুক্মিণী অভিযোগে উল্লেখ করেন, এই কনটেন্টগুলো অত্যন্ত মানহানিকর এবং এগুলো তাঁর ব্যক্তিগত গোপনীয়তা ও মানসিক সুস্থতার ওপর মারাত্মক প্রভাব ফেলেছে।

গ্রেফতারকৃত তিন অভিযুক্ত হলেন— বাগলকোট জেলার রবিকুমার (২৪), শিবমোগার বাসিন্দা চন্দ্রকান্ত (৩৩) (বর্তমানে বেঙ্গালুরুতে থাকেন) এবং বেঙ্গালুরুর বাসিন্দা রঞ্জিত (২৫)। পুলিশ তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন জব্দ করেছে।

অভিযুক্তদের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করে রিমান্ডে নেওয়া হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে। তথ্যপ্রযুক্তি আইন এবং ভারতীয় ন্যায় সংহিতার প্রাসঙ্গিক ধারায় মামলা দায়ের করেছে পুলিশ।

গত মাসে এই ভুয়া ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর রুক্মিণী বসন্ত এক্স-এ (সাবেক টুইটার) একটি বিবৃতি শেয়ার করে জানান, এই ছবিগুলো সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট এবং এগুলোর সঙ্গে তাঁর কোনো সম্পর্ক নেই।