সব সংবাদ
জাতীয়

তাজিয়া মিছিলে রশি নিয়ে বিবাদ, জাকিরকে ছুরিকাঘাতে হত্যা

পুরান ঢাকার সূত্রাপুরে আশুরার তাজিয়া মিছিলে রশি ধরাকে কেন্দ্র করে বাকবিতণ্ডার জেরে জাকির হোসেন (৩১) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। ঘটনার ১২ ঘণ্টার মধ্যে পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে।

শুক্রবার বিকালে সূত্রাপুরের বিবিকা রওজা ইমামবাড়া থেকে একটি তাজিয়া মিছিল চকবাজার-লালবাগ হয়ে ধানমন্ডির দিকে রওনা দেয়। মিছিলটি বাংলাবাজার অতিক্রমকালে বিকেল ৫টার দিকে হামলার ঘটনা ঘটে।

তাজিয়া মিছিলে থাকা ডুলির রশি ধরাকে কেন্দ্র করে ভুক্তভোগী ও হামলাকারীদের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতি হয়। এক পর্যায়ে হামলাকারীরা ভুক্তভোগীকে ধাওয়া করলে আত্মরক্ষার্থে সে পি কে রায় সড়কের ইস্পাহানি ভবনের নিচে আশ্রয় নেন। পরে সেখানেই তাকে এলোপাথারি ছুরিকাঘাত করা হয়।

খবর পেয়ে পুলিশ স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জাকির ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডে পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করতেন।

ঘটনার পর সূত্রাপুর থানায় অজ্ঞাত ১৪-১৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন জাকিরের ভাই শুভ। পুলিশ সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দ্রুত অপরাধীদের পরিচয় শনাক্ত করে এবং শুক্রবার রাত ১টা থেকে সকাল ৭টা পর্যন্ত ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে সম্পৃক্ত চারজনকে গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে একটি সুইচ গিয়ার চাকু, একটি চাপাতি ও ঘটনার সময় তাদের পরনে থাকা জামা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারদের একজন মো. রাশেদ (২০); বাকি তিনজন কিশোর, যাদের বয়স ১৮ বছরের নিচে। হত্যায় জড়িত অন্যদেরও শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।