সব সংবাদ
জাতীয়

তুরাগ নদীতে ৭ লাশ ভাসার খবর ভিত্তিহীন, দাবি পুলিশ সদর দপ্তরের

পুলিশ সদর দপ্তর তুরাগ নদীতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের সাত নেতাকর্মীর লাশ ভাসছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া খবরকে ভিত্তিহীন বলে দাবি করেছে। এ ধরনের কোনো ঘটনার খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

তুরাগ নদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাত নেতাকর্মীর লাশ ভাসছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া খবরকে 'ভিত্তিহীন' দাবি করেছে পুলিশ সদর দপ্তর। শনিবার পুলিশ সদর দপ্তরের এক বার্তায় বলা হয়েছে, 'তুরাগ নদীতে ভাসছে আওয়ামী লীগ-ছাত্রলীগের সাত নেতাকর্মীর লাশ', এ ধরণের সংবাদ শিরোনামে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিত্তিহীন তথ্য প্রচার করে জনমনে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা চালানো হচ্ছে। এ ধরনের কোনো ঘটনার খবর পাওয়া যায়নি দাবি করে 'মিথ্যা অপপ্রচারে' বিভ্রান্ত না হতেও সবার প্রতি অনুরোধ জানিয়েছে পুলিশ সদর দপ্তর। দিনভর সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা-সমালোচনার মধ্যে সন্ধ্যার পর পুলিশ সদর দপ্তর এ বিষয়ে বার্তা দিয়েছে। পুলিশ বলছে, একটি মহল এ ধরনের বিভ্রান্তি ছড়িয়ে আইনশৃঙ্খলা বাহিনীর মনোবল নষ্ট করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। যারা এসব বিভ্রান্তি ছড়াচ্ছে, পুলিশ তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে তৎপর। কারো বিরুদ্ধে এ ধরনের অপপ্রচারে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণেরও হুঁশিয়ারি দিয়েছে পুলিশ সদর দপ্তর। এর আগে গত ২২ জুন রাজধানীর তুরাগ এলাকায় আওয়ামী লীগের মিছিলের পর থেকেই দলটির সাত নেতাকর্মী নিখোঁজ ছিলেন বলে গুঞ্জন ছড়িয়ে পড়ে। তাদের মধ্যে ছাত্রলীগ ও আওয়ামী লীগের ৩ জনের লাশ তুরাগ নদী থেকে উদ্ধার করা হয়েছে বলে গত শুক্রবার থেকে ফেইসবুকে ফের গুঞ্জন ছড়িয়ে পড়ে। এ তথ্যের ব্যাপারে শনিবার আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম বলেছেন, শুক্রবার সকালে তুরাগে পিকনিকে গিয়ে ট্রলার থেকে পড়ে সুমন আহমেদ (১৮) নামে এক তরুণ নিখোঁজ হয়। পরে রাতে তার লাশ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলাও হয়েছে।