লালমনিরহাটে মাদক মামলার আসামি গ্রেপ্তারে গেলে পুলিশের ওপর হামলা, আহত ২ কর্মকর্তা
লালমনিরহাটের হাতীবান্ধায় মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি রাশেদুল হক রাশেদকে গ্রেপ্তার করতে গেলে পুলিশের ওপর হামলা চালায় সে ও তার সহযোগীরা। এসময় উপপরিদর্শক রুহুল আমিন ও সহকারী উপপরিদর্শক আব্দুল লতিফ আহত হন। গুরুতর আহত এসআই রুহুল আমিনকে রংপুরে পাঠানো হয়েছে।
লালমনিরহাটের হাতীবান্ধায় মাদক চোরাকারবারিদের হামলায় দুই পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের গেন্দুকুড়ি এলাকায় শুক্রবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। হাতীবান্ধা থানার উপপরিদর্শক (এসআই) রুহুল আমিন ও সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুল লতিফ গেন্দুকুড়ি এলাকার বাসিন্দা মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি রাশেদুল হক রাশেদকে গ্রেপ্তার করতে অভিযান চালান। এসময় রাশেদ ও তার সহযোগীরা দেশীয় ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় এসআই রুহুল আমিন মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান। স্থানীয়দের সহায়তায় আহত দুই পুলিশ কর্মকর্তাকে উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এসআই রুহুল আমিনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমজান আলী জানান, পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে এবং রাশেদ ও তার সহযোগীদের গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান চলছে। লালমনিরহাটের পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বলেন, গুরুতর আহত এসআই রুহুল আমিনের অস্ত্রোপচারের প্রস্তুতি চলছে এবং ঘটনার সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।